২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রলারে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, আটক ৫১

ট্রলারে করে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টার সময় কক্সবাজারের টেকনাফে ৫১ জনকে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2012, 12:02 PM

Updated : 24 Aug 2022, 12:31 PM

কক্সবাজার, নভেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রলারে করে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টার সময় কক্সবাজারের টেকনাফে ৫১ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সেন্টমার্টিনের কাছে সাগরে ও বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্টগার্ড সদস্যরা তাদের আটক করেন। কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের কমান্ডার বদরুদ্দোজ্জা জানান, দুপুর ২টার দিকে সেন্টমার্টিনের অদূরে সাগর থেকে একটি ট্রলারসহ ৩৬ জনকে আটক করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এরা সবাই কক্সবাজার জেলার বাসিন্দা। তারা সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিলেন।” এ ব্যাপারে একটি মামলা করে ওই ৩৬ জনকে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে বলে কোস্টগার্ড কর্মকর্তা জানান। বিজিবি ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান জানান, ভোর ৪টার দিকে টেকনাফের কাটাবুনিয়া থেকে চার জন ও হাবিবছড়া এলাকা থেকে ১১ জনকে আটক করা হয়। তারাও অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল বলে জানান তিনি। জাহিদ হাসান বলেন, এ ব্যাপারে একটি মামলা হয়েছে। আটক ১১ জনকে টেকনাফ থানায় সোর্পদ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৭২৭ ঘ.