ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ আগামী ২৬ মার্চ ৪২তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে ঢাকা আসছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উর্ধ্বতন কর্মকর্তা জানান, কুয়েতি আমির রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং তিনি ২৬ মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন।
ওই কর্মকর্তা বলেন, “আমাদের রাষ্ট্রপতি ‘এশিয়া কো-অপারেশন ডায়ালগ’ এ যোগ দিতে গত অক্টোবরে কুয়েত সফর করেন এবং সেদেশের আমিরকে আমন্ত্রণ জানান। ঢাকায় নিযুক্ত কুয়েতি রাষ্ট্রদূত কয়েকদিন আগে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে আমিরের সম্মতিপত্র হস্তান্তর করেছেন।”
তিনি আরো বলেন, আমির সাবাহ আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ ১৯৭৪ সালে কুয়েতের পররাষ্ট্র মন্ত্রী ছিলেন। ওই সময় তিনি পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত ওআইসি’র শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যাতে যোগ দিতে পারেন সেজন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
কুয়েতি বিনিয়োগ
ওই কর্মকর্তা আরো বলেন, বাংলাদেশে তেল শোধনাগার স্থাপনের জন্য কুয়েতের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ঢাকা।
“এই সহযোগিতা হতে পারে ইস্টার্ন রিফাইনারির সম্প্রসারণ বা নতুন একটি তেল শোধনাগার স্থাপন। ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণ করা হলে বিনিয়োগের পরিমাণ হবে ৬০০ মিলিয়ন মার্কিন ডলার। আর নতুন তেল শোধনাগার স্থাপনের ক্ষেত্রে বিনিয়োগ হবে প্রায় ১০০ কোটি ডলার।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এইচএ/২৩৩১ ঘ.
bdnews24