ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আড়াই হাজার কোটি টাকা কেলেঙ্কারির মামলায় হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও জিএম তুষার আহমেদের জামিন আবেদন নাকচ করেছে আদালত।
ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আক্তারুজ্জামান বুধবার এ আদেশ দেন।
আসামি পক্ষের জামিন আবেদনে বলা হয়, হল-মার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর গুরুতর অসুস্থ। তিনি ডায়াবেটিক রোগী। তাকে জামিন দেওয়া হোক। একইভাবে তুষারকে অসুস্থ উল্লেখ করে তার পক্ষে জামিন আবেদন করা হয়।
তবে দুর্নীতি দমন কমিশনের আইনজীবী এম এ সালাম তাদের জামিন আবেদনের বিরোধিতা করেন।
এর আগে গত ১৮ অক্টোবর তানভীর মাহমুদ বিচারকের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
২০১০ সাল থেকে ২০১২ সালের মার্চ পর্যন্ত সোনালী ব্যাংকের রূপসী বাংলা কার্যালয়সহ একাধিক কার্যালয় থেকে অবৈধভাবে ৩ হাজার ৬০৬ কোটি টাকা সরানোর অভিযোগ রয়েছে হল-মার্ক গ্রুপ, নকশি নিট কম্পোজিট, খান জাহান আলী স্যুয়েটার্স এবং ডিএন স্পোর্টসসহ ৬টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এর মধ্যে হল-মার্ক গ্রুপ একাই সরিয়েছে ২ হাজার ৬০০ কোটি টাকা।
সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখায় ঋণ কেলেঙ্কারির ওই মামলায় গত ২৩ অক্টোবর হল-মার্কের চেয়ারম্যান জেসমিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ এবং সোনালী ব্যাংকের সাবেক ডিজিএম একেএম আজিজুর রহমানকে রিমান্ড শেষে কারাগারে পাঠায় আদালত।
গত ৪ অক্টোবর রাজধানীর রমনা থানায় তানভীর মাহমুদসহ ২৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা করে দুদক। মামলায় তাদের বিরুদ্ধে আড়াই হাজার কোটি টাকারও বেশি আত্মসাতের অভিযোগ আনা হয়।
বিডিনিউজ টোয়েন্টিরফোর ডটকম/পিবি/এইচএ/২১৫৪ ঘ.
bdnews24