ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা চিড়িয়াখানা থেকে বিভিন্ন প্রজাতির ১১টি পাখি চুরি ও পাচারের ঘটনা খতিয়ে দেখতে বিভাগীয় তদন্ত কমিটি গঠন করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চিড়িয়াখানার দুই প্রহরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন- চিড়িয়াখানার প্রহরী সর্দার নূরুল হক ও নৈশপ্রহরী শঙ্কর লাল মৃধা।
প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) মোসাদ্দেক হোসেন এবং চিড়িয়াখানার কিউরেটর এবিএম শহীদ উল্লাহ বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
রোববার রাতে চিড়িয়াখানায় রহস্যজনক ওই চুরির ঘটনার পর মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আব্দুল হাই বুধবার সকালে চিড়িয়াখানা পরিদর্শন করেন।
এ সময় তিনি চিড়িয়াখানায় পাখি রাখার স্থানসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং কিউরেটরসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কথা বলেন।
এ ঘটনায় শাহ আলী থানায় দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তাকে নিরপেক্ষভাবে ঘটনা খতিয়ে দেখার নির্দেশ দেন প্রতিমন্ত্রী।
ওই চুরির ঘটনায় চিড়িয়াখানার প্রাণী তত্ত্বাবধায়ক চান মিয়া ও নৈশপ্রহরী শঙ্কর লাল মৃধাকে মঙ্গলবার সাময়িক বরখাস্ত করা হয়। শফিকুল ইসলাম নামে এক আনসার সদস্যকেও প্রত্যাহার করা হয়েছে বলে চিড়িয়াখানার কিউরেটর এবিএম শহীদ উল্লাহ জানিয়েছেন।
চিড়িয়াখানার একাধিক কর্মকর্তা জানান, রোববার রাতে চুরির ঘটনা ঘটলেও কর্তৃপক্ষ ঘটনাটি চেপে যাওয়ার চেষ্টা করে। পরে বিষয়টি জানাজানি হলে কর্তৃপক্ষ সোমবার সকালে শাহ আলী থানাকে বিষয়টি জানায়।
চুরি যাওয়া পাখির মধ্যে তিনটি কাকাতুয়া, ছয়টি হলুদ টিয়া ও দুইটি লাল টিয়া রয়েছে। এসব পাখির দাম আনুমানিক প্রায় পাঁচ লাখ টাকা বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএইচ/জেকে/১৪১৫ ঘ.
bdnews24