২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অটিস্টিকদের পাশে দাঁড়াতে জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাব

এই প্রস্তাবে সব দেশের সমর্থন চেয়েছেন গ্লোবাল অটিজম পাবলিক হেলথ ইনিশিয়েটিভ ইন বাংলাদেশের জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন শেখ সায়মা হোসেন পুতুল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2012, 01:01 PM

Updated : 24 Aug 2022, 12:30 PM

নিউ ইয়র্ক, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অটিস্টিক শিশু ও তার পরিবারের সহায়তায় বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়ে জাতিসংঘে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব উত্থাপন করেছে বাংলাদেশ। ‘অটিজম আক্রান্ত শিশু, তার পরিবারের জন্য আর্থ-সামাজিক সহায়তা’ শীর্ষক ওই প্রস্তাব উত্থাপন উপলক্ষে বাংলাদেশ সময় মঙ্গলবার ভোররাতে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে ইসিওএসওসি চেম্বারে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে এ মোমেনের সভাপতিত্বে সভায় জাতিসংঘের চলতি সাধারণ অধিবেশনের সভাপতি ভুক জেরেমিক উপস্থিত ছিলেন। বাংলাদেশের প্রস্তাবে সবার সমর্থন চেয়ে সভায় বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে ও গ্লোবাল অটিজম পাবলিক হেলথ ইনিশিয়েটিভ ইন বাংলাদেশের জাতীয় উপদেষ্টা কমিটির চেয়ারপারসন শেখ সায়মা হোসেন পুতুল। সভায় জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূত ও সহকারী মহাসচিব শামসাদ আকতার, ইসিওএসওসি’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লুইস আলফন্সো ডি অ্যালবা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্বাহী পরিচালক ড. জ্যাকব কুমারেসান, অটিজমকে স্বীকৃতি প্রদানের চলমান আন্দোলন ‘অটিজম স্পিকস’র প্রতিষ্ঠাতা বব রাইট ও সুজান রাইট, জাতিসংঘে ফিলিপাইনের স্থায়ী প্রতিনিধি লিব্রান এন ক্যাবাকতুলান বক্তব্য দেন। অটিজম মস্তিষ্কের স্বাভাবিক বিকাশের প্রতিবন্ধকতা, যা শিশুর জন্মের তিন বছরের মধ্যে প্রকাশ পেয়ে থাকে। বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রতি ৮৮ জনের একজন এবং সারাবিশ্বে মোট ৭০ মিলিয়ন অর্থাৎ ৭ কোটি মানুষ অটিজমে আক্রান্ত। তবে এতে আক্রান্তদের সহায়তায় বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ (ডব্লিউএইচও) আন্তর্জাতিক সংস্থাগুলো কোনো ধরনের অর্থ সহায়তা দেয় না। বাংলাদেশের প্রস্তাবে এ সমস্যায় আক্রান্তদের সহায়তায় বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। সভায় উপস্থিত সবাই বাংলাদেশের প্রস্তাবকে যুগোপযোগী অভিহিত করেন এবং প্রস্তাবে সায় দিতে সব সদস্য রাষ্ট্রের প্রতি আহ্বান জানান। জাতিসংঘ মহাসচিব বান কি-মুন মধ্যপ্রাচ্যে চলে যাওয়ায় তার শুভেচ্ছা বক্তব্য উপস্থাপন করেন সহকারী মহাসচিব শামসাদ আকতার। এক বার্তায় বান কি-মুন বলেন, স্বাস্থ্য, শিক্ষা ও অন্যান্য ক্ষেত্রে অটিজম আক্রান্তদের সহায়তায় আরো বড় পরিসরে কাজ করার মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে। “তাত্ত্বিকভাবে আমরা যা বুঝতে সক্ষম, সব ক্ষেত্রেই এর চর্চা হয় না। শুরুতেই অজিটম আক্রান্তদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসেবার পাশাপাশি ভবিষ্যতে চাকরির জন্য উপযোগী করে তুলতে শিক্ষা ক্ষেত্রেও সহযোগিতা দিতে হবে।” অটিজমসহ সব ধরনের মানসিক স্বাস্থ্য সেবাই সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব। ভুক জেরেমিক বলেন, এ বিষয়ে সচেতনতা ঘাটতি দূর করতে, বিশেষকরে উন্নয়নশীল দেশে সচেতনতা তৈরিতে আমাদের আরো জোরালো ভূমিকা রাখতে হবে। “এটা স্পষ্ট বিশ্বের বিভিন্ন দেশেই এ বিষয়ে সচেতনতা তৈরি হচ্ছে, অনেক উন্নয়নশীল দেশেও একই রকম সচেতনতা তৈরি করা সম্ভব। আমার বিশ্বাস সবাই মিলে কাজ করলে এই ঘাটতি অচিরেই দূর করা সম্ভব।” বাংলাদেশের খসড়া প্রস্তাবের পক্ষেও সমর্থন ব্যক্ত করেন অধিবেশনের সভাপতি। তহবিল গঠনের বিষয়েও সবার দৃষ্টি আকর্ষণ করেন তিনি। ভুক জেরেমিক জানান, আগামী বছর জাতিসংঘ সাধারণ অধিবেশনের আগে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে, যার বিষয়বস্তু হিসাবে থাকবে প্রতিবন্ধিতা। পাশাপাশি শিগগিরই এর জন্য সহায়তাকারী হিসাবে কয়েকজনকে নিয়োগ করা হবে। সায়মা হোসেন পুতুল বলেন, “প্রতিবছর যে সংখ্যায় এইডস, ডায়াবেটিস, ক্যান্সারের মতো রোগে শিশুরা আক্রান্ত হয়, তার চেয়ে বেশি সংখ্যায় যোগ হচ্ছে অটিস্টিক শিশু। আমাদের দেশে গত দুই বছরের অভিজ্ঞতার আলোকে আমি বলতে পারি- এই অটিজম আক্রান্তদের জন্য দরকার বহুমুখী সহায়তা।” রাষ্ট্রদূত এ কে এ মোমেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এটি প্রস্তাব আকারে গ্রহণের জন্য ১২৯টি দেশের সমর্থন দরকার। তবে প্রস্তাবের খসড়া বিতরণের সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্র, রাশিয়া, মেক্সিকো, ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশ, ক্যারিবীয় নয়টি দেশ, দক্ষিণ এশিয়ার আটটি দেশ কো-স্পন্সর হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১৮৫৫ ঘ.