২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যানজট নিরসনে ২ হাজার কোটি টাকার প্রকল্প

ঢাকা রাজধানীতে যানজট নিরসনে দুই হাজার ৪০ কোটি টাকার একটি প্রকল্পে অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2012, 12:20 PM

Updated : 24 Aug 2022, 12:30 PM

ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা রাজধানীতে যানজট নিরসনে দুই হাজার ৪০ কোটি টাকার একটি প্রকল্পে অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে ‘গ্রেটার ঢাকা সাসটেইনেবল আরবান ট্রান্সপোর্ট’ প্রকল্পটি অনুমোদন পায়। এ প্রকল্পের বাস্তবায়নকাল ধরা হয়েছে চার বছর। সভার পর পরিকল্পনা বিভাগের ভারপ্রাপ্ত সচিব ভূঁইয়া সফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, “এ প্রকল্প বাস্তবায়ন হলে যানজট দূর হবে এবং স্বল্প সময়ে চলাচল করা যাবে।” প্রকল্পের আওতায় বিমানবন্দর থেকে গাজীপুর পর্যন্ত ২০ কিলোমিটার রাস্তা বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) লাইন করা হবে। বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) বিআরটি লাইন হলে রাস্তার মধ্যে নির্দিষ্ট করে দেয়া লেন দিয়ে আর্টিকুলেটেড বাস দ্রতগতিতে চলাচল করতে পারবে বলেও জানান সফিকুল ইসলাম। পরিকল্পনা বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দুই হাজার ৪০ কোটি টাকার এ প্রকল্পে ২০ কিলোমিটার বিআরটি লাইন ছাড়াও ৩১টি বিআরটি স্টেশন, ১টি বিআরটি ডিপো, ৭টি ফ্লাইওভার ও টঙ্গী সেতু নির্মাণ করা হবে এবং ৫০টি আর্টিকুলেটেড বাস সংগ্রহ করা হবে। প্রকল্প ব্যয়ের মধ্যে ৩৮৯ কোটি টাকা দেবে বাংলাদেশ সরকার। বাকি ১৬৫১ কোটি টাকা দেবে এশীয় উন্নয়ন ব্যাংক, এজেন্সি ফ্রান্স ফর ডেভেলপমেন্ট (এএফডি) এবং গ্লোবাল এনভায়রনমেন্ট ফ্যাসিলিটি (জিইএফ)। ইতোমধ্যে ৫০টি আর্টিকুলেটেড বাস কেনার জন্য ভারতের অশোক লে ল্যান্ড কোম্পানির সঙ্গে চুক্তি করেছে সরকার। মঙ্গলবারের একনেকে মোট আটটি প্রকল্প অনুমোদন করা হয়েছে, যাতে ব্যয় ধরা হয়েছে ১৩৬৯ কোটি টাকা। এরমধ্যে উল্লেখযোগ্য প্রকল্পগুলো হলো- ৫২৬ কোটি টাকা ব্যয়ে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে সেন্টার অব এক্সিলেন্স এ পরিণতকরণ প্রকল্প’ এবং ২৩৬ কোটি টাকা ব্যয়ে ‘বাংলাদেশ রেলওয়ের জন্য চিনকী আস্তানা-আশুগঞ্জ সেকশনের ক্ষয়প্রাপ্ত রেল ট্রাক নবায়ন ও অন্যান্য আনুষঙ্গিক কাজ উন্নয়ন প্রকল্প’। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এএল/১৮০৩ ঘ.