২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নকল গোল্ড লিফ-বেনসন কারখানার সন্ধান

কুষ্টিয়ার মিরপুরে নকল সিগারেট তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে পুলিশ, যেখানে গোল্ড লিফ-বেনসন অ্যান্ড হেজেসের মতো ব্র্যান্ডের সিগারেট তৈরি হচ্ছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2012, 10:41 AM

Updated : 24 Aug 2022, 12:31 PM

কুষ্টিয়া, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার মিরপুরে নকল সিগারেট তৈরির একটি কারখানার সন্ধান পেয়েছে পুলিশ, যেখানে গোল্ড লিফ-বেনসন অ্যান্ড হেজেসের মতো ব্র্যান্ডের সিগারেট তৈরি হচ্ছিল। মিরপুরের আমলা এলাকার ওই কারখানায় সোমবার রাতে অভিযান চালানো হয় বলে মিরপুর থানার ওসি মশিউর রহমান জানিয়েছেন। সেখান থেকে পাঁচজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি। আমলা সরকারি কলেজের কাছে নজরুল ইসলাম সেন্টু নামের এক ব্যক্তির বাড়ির তৃতীয় তলায় অবৈধ ওই কারখানা বসানো হয়। অভিযানে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির বেনসন অ্যান্ড হেজেস, গোল্ড লিফ, স্টার ব্যান্ডের নকল সিগারেট, নকল ব্যান্ডরোল এবং সিগারেট তৈরির সরঞ্জাম জব্দ করা হয় হয়। ওসি মশিউর সাংবাদিকদের বলেন, নজরুল ইসলামের বাড়িটি বগুড়ার সোনাতলার বকুল ও মফিজুল নামের দুই ব্যক্তি ছয় মাস আগে ভাড়া নেয়। এরপর তারা নকল সিগারেট তৈরি করে প্রত্যন্ত অঞ্চলে সরবরাহ করছিল। সিগারেট তৈরির জন্য বগুড়া থেকে ১৩ জন নারী ও শিশু শ্রমিককে ওই বাড়িতে আনা হয় বলে পুলিশ জানায়। ওসি বলেন, “অভিযানের সময় নকল সিগারেট কারখানার মূল হোতা বকুল ও মফিজুল জানালার গ্রিল খুলে পালিয়ে যায়।” আটক পাঁচজনই নারী এবং তাদের মধ্যে মফিজুলের স্ত্রী রয়েছেন বলে পুলিশ জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৬৩৯ ঘ.