ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হল-মার্কের অর্থ কেলেঙ্কারির ঘটনায় রাষ্ট্রায়ত্ব জনতা ব্যাংকের আরো ১২ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানান, জিজ্ঞাসাবাদের জন্য দুদকে হাজির হতে ১৮ নভেম্বর এ কর্মকর্তাদের নোটিশ পাঠানো হয়। হল-মার্ক গ্রুপের অর্থ কেলেঙ্কারি নিয়ে তদন্তের অংশ হিসেবেই এদের জিজ্ঞাসাবাদ করা হবে।
“এ কর্মকর্তাদের মধ্যে ছয়জনকে আজ (মঙ্গলবার) ও বাকি ছয়জনকে ২২ নভেম্বর (বৃহস্পতিবার) জিজ্ঞাসাবাদ করা হবে”, বলেন তিনি।
মঙ্গলবার দুদকে তলব করা কর্মকর্তারা হলেন, ‘লোকাল’ শাখার কর্মকর্তা নরেশ চন্দ্র দাস, ব্যবস্থাপক (জেনারেল ব্যাংকিং ও প্রশাসন) মো. মোস্তফা কামাল, বৈদেশিক বাণিজ্য ও করপোরেট শাখার নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান, দিলখুশা শাখার সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো. আবুল হাশেম ভূইয়া, জনতা ব্যাংক করপোরেট শাখার নির্বাহী কর্মকর্তা জিনিয়া জেসমিন এবং জনতা ভবন ব্যাংক ভবন কর্পোরেট শাখার ব্যবস্থাপক ফয়জুর রহমান।
এছাড়া জনতা ভবন ব্যাংক ভবন কর্পোরেট শাখার নির্বাহী কর্মকর্তা জেসমিন, সিনিয়র প্রিন্সিপাল অফিসার আব্দুলাহ আল মাহমুদ, সিনিয়র প্রিন্সিপাল অফিসার শাখাওয়াত হোসেন, প্রথম সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আব্দুল্লাহ আল মামুন, প্রথম সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) জেসমিন আক্তার এবং উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আজমুল হককে ২২ নভেম্বর জিজ্ঞাসাবাদের জন্য দুদকে ডাকা হয়েছে।
নিয়ম ভেঙে ঋণ নেয়ার মাধ্যমে ২০১০ এর জুন থেকে ২০১২ এর মার্চ পর্যন্ত সময়ে একাধিক ব্যাংক শাখা থেকে মোট ৩ হাজার ৬০৬ কোটি টাকা সরানোর অভিযোগ রয়েছে হল-মার্কসহ একাধিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এর মধ্যে হল-মার্ক গ্রুপ সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে দেড় হাজার কোটি টাকা এবং সোনালী ব্যাংকে খোলা এলসি দেখিয়ে জনতা ও অন্যান্য ব্যাংক থেকে এক হাজার একশ’ কোটি টাকা তুলে নেয়।
বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এ বিষয়টি উঠে এলে তা নিয়ে দেশজুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়।
বিষয়টি খতিয়ে দেখতে উপপরিচালক মীর জয়নুল আবেদিন শিবলীর নেতৃত্বে দুদকের ছয় সদস্যের একটি বিশেষ দল তদন্ত শুরু করে। সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা এবং প্রধান কার্যালয়ের কর্মকর্তাসহ মোট ৫১ জনকে জিজ্ঞাসাবাদ করেন তারা।
আর অর্থ কেলেঙ্কারির এ ঘটনায় এর আগে জনতা ব্যাংকের ১৪ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে দুদক।
অর্থ কেলেঙ্কারির ঘটনায় এ পর্যন্ত ২৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা করেছে দুদক। এসব মামলায় হল-মার্ক চেয়ারম্যান জেসমিন ইসলাম, তার স্বামী ও কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ, মহা ব্যবস্থাপক তুষার আহমেদ এবং সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখার ব্যবস্থাপক এ কে এম আজিজুর রহমানকে ইতোমধ্যে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন দুদক কর্মকর্তার।
এদিকে সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে ঋণের মাধ্যমে সরাসরি অর্থ তুলে নেয়ার ঘটনায় দুদকের মামলার আসামির তালিকায় থাকা সোনালী ব্যাংকের ছয় কর্মকর্তাকে মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য ডাকে কমিশন। তবে তারা কেউই কমিশনে উপস্থিত হননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এমডি/এসইউ/১৪২৬ ঘ.
bdnews24