ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার নানা অনিয়ম, নিজস্ব জায়গায় বহুতল ভবন নির্মাণ করে তা বন্টনের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভ করেছে প্রতিষ্ঠানটির শিশু ও কর্মকর্তা-কর্মচারিরা।
মঙ্গলবার সকালে তারা এ মানবন্ধন ও মিছিল করেন।
এতিমখানার ভারপ্রাপ্ত সুপার নাজমুস শাদাত টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এতিমখানার কমিটির সভাপতি খাজা আহসানউল্লাহ ওরফে সানির অনিয়ম ও দুর্নীতির সুযোগে এতিমখানার নিজস্ব জায়গায় একটি ডেভেলপার কোম্পানি বহুতল ভবন তোলে। কিন্তু বন্টনের ক্ষেত্রে অনিয়ম দেখা যাচ্ছে।”
তিনি বলেন, এক থেকে সাত তলা পর্যন্ত পঁয়ত্রিশ শতাংশ এবং সাত থেকে চৌদ্দ তলা পর্যন্ত বার শতাংশ জায়গা এতিমখানাকে দেয়া হচ্ছে। আর চৌদ্দ থেকে আঠারো তলা পর্যন্ত জায়গার কিছুই দেওয়া হচ্ছে না।
সুপার বলেন, মূলত সলিমুল্লাহ এতিমখানার কার্যনিবার্হী পরিদষদের সভাপতির কারচুপিতে এ ঘটনা ঘটেছে।
তারা এ কার্যপরিষদ ভেঙ্গে নতুন করে চুক্তির দাবি জানান।
তিনি অভিযোগ করেন, নিয়ম অনুসারে জমির মালিক ৬০ শতাংশ ও ডেভেলপার কোম্পানির ৪০ শতাংশ পাওয়ার কথা। কিন্তু কমিটির সভাপতির কারসাজিতে এতিমদেরকে ঠকানো হচ্ছে।
একই সঙ্গে এই অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদেই মানববন্ধন এবং মিছিলের মতো কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানান তিনি।
লালবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহজালাল বিডিনিউজকে জানান, “মিছিলকারীরা রাস্তার এক পাশ দিয়ে ঘুরে ঘুরে মিছিল করছে। এতে যান চলাচলের কোন ব্যাঘাত ঘটেনি।”
“কমিটির সভাপতির দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তারা মানববন্ধন ও মিছিল করেছেন”, যোগ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমএমআর/এসইউ/১২২০ ঘ.
bdnews24