ঢাকা, নভেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে দেশের অন্যতম পুরনো শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা কলেজের ১৭২ বছরে পদার্পণ।
স্কুল হিসাবে যাত্রা শুরুর পর ১৮৪১ সালে প্রতিষ্ঠিত হয় ঢাকা কলেজ। দীর্ঘদিন স্কুল শাখাটি সঙ্গে থাকলেও বর্তমানে এইচএসসি এবং ২১টি বিভাগে অনার্স ও মাস্টার্স কোর্সে প্রায় বিশ হাজার শিক্ষার্থী লেখাপড়া করছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এই কলেজে।
প্রয়াত সাহিত্যিক হুয়ায়ূন আহমেদ, একুশের অমর গান আমার ভাইয়ের রচয়িতা আব্দুল গাফফার চৌধুরী, সাংবাদিক আবুল কালাম শামসুদ্দিন, মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ুমসহ বহু বিখ্যাত ব্যক্তি এই কলেজের ছাত্র ছিলেন।
কলেজ কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার সকালে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের শোভাযাত্রার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবর্ষিকীর দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু হবে, যার উদ্বোধন করবেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। স্বররাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরও উপস্থিত থাকবেন প্রথম পর্বের অনুষ্ঠানে।
তিন পর্বের আয়োজনে আরো থাকছে ঘুড়ি উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
১৮৩৫ সালে ঢাকার সিভিল সার্জন ডা. জেমস টেইলর স্থানীয়দের নিয়ে একটি কমিটি করে জেলা ম্যাজিস্ট্রেটের সহায়তায় প্রতিষ্ঠা করেন ঢাকা ইংলিশ সেমিনারি স্কুল। বর্তমানে এই স্কুলটি পরিচিত ঢাকা কলেজিয়েট স্কুল নামে।
এই স্কুল প্রাঙ্গণেই ১৮৪১ সালে স্থাপিত হয় কলেজের ভিত্তিপ্রস্তর। বাঙালি হিন্দু-মুসলিম শিক্ষার্থীদের নিয়ে যাত্রা শুরু করলেও সে সময় এ দেশে থাকা আর্মেনীয় ও পর্তুগিজ নাগরিকদের সন্তানরাও এখানে ভর্তি হয়।
ঢাকা কলেজের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, শুরুতে স্থানীয় জনগণের আর্থিক সহায়তায় স্কুলের কার্যক্রম চললেও উচ্চ মাধ্যমিক পর্যায় খোলার পর কলকাতার বিশপের সহায়তায় ১৮৪৬ সালে নির্মিত হয় কলেজ ভবন।
রসায়ন ও পদার্থ বিজ্ঞানের ল্যাবরেটরিগুলোর স্থান সঙ্কুলান করতে ১৮৭৩ সালে ভিক্টোরিয়া পার্কের পূর্ব পাশে একটি বড় ভবনে স্থানান্তর করা হয় কলেজের কার্যক্রম। পরে ১৯০৮ সালে এটি বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে নিয়ে আসা হয়। বিজ্ঞান বিভাগের জায়গা হয় বর্তমান রসায়ন ভবনে।
১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পার ঢাকা কলেজ চলে যায় পুরাতন হাই কোর্ট ভবনে। ওই ভবনেই বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম চলে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ঢাকা কলেজ সরিয়ে নেয়া হয় সিদ্দিক বাজারে। সবশেষে এ প্রতিষ্ঠান পৌঁছায় ঢাকা নিউ মার্কেটের পাশে বর্তমান স্থায়ী ঠিকানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১০৩৫ ঘ.
bdnews24