২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনশক্তি রপ্তানি বেড়েছে ৫৭%

সৌদি আরব ও মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি বন্ধ এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে জনশক্তি রপ্তানি কমলেও গত অর্থবছরে বিভিন্ন দেশে জনশক্তি রপ্তানিতে প্রবৃদ্ধির পরিমাণ ৫৭ দশমিক ৩৬ শতাংশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2012, 04:08 PM

Updated : 24 Aug 2022, 12:30 PM

ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি আরব ও মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি বন্ধ এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে জনশক্তি রপ্তানি কমলেও গত অর্থবছরে বিভিন্ন দেশে জনশক্তি রপ্তানিতে প্রবৃদ্ধির পরিমাণ ৫৭ দশমিক ৩৬ শতাংশ। এই সময়ে দেশে প্রবাসীদের পাঠানো বৈদেশিক মুদ্রার (রেমিটেন্স) পরিমাণও ১০ দশমিক ২৬ শতাংশ বেড়ে ১২ বিলিয়ন ৮৪৬ দশমিক ০৫ মিলিয়ন মার্কিন ডলার হয়েছে, যা আগের বছর ছিল ১১ বিলিয়ন ৬৫০ দশমিক ৩২ মিলিয়ন মার্কিন ডলার। মন্ত্রিসভার বৈঠকে সোমবার দেশের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগগুলোর গত অর্থ-বছরের (২০১১-১২) কার্যক্রম সম্পর্কে উপস্থাপন করা বার্ষিক প্রতিবেদনে এই তথ্য দেয়া হয়েছে। সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার এ বৈঠক হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইয়া নিজের উপস্থাপিত প্রতিবেদনটি সম্পর্কে সাংবাদিকদের জানান এবং এর অনুলিপি সরবরাহ করেন। প্রতিবেদনে বলা হয়, গত অর্থবছরে ৬ লাখ ৯১ হাজার ৪০২ জন লোক চাকরি নিয়ে বিদেশে গেছে। আগের ২০১০-১১ অর্থবছরে এই সংখ্যা ছিল ৪ লাখ ৩৯ হাজার ৩৭৫ জন। এতে বলা হয়, গত অর্থবছরে বিদেশ থেকে কর্মী ফিরে আসার প্রবণতাও কমেছে। এ বছর ফিরে এসেছে ২৮ হাজার ৮৫৮ জন কর্মী। আগের বছর ফিরেছিল ৪২ হাজার ২৮৪ জন। মন্ত্রিসভায় তোলা প্রতিবেদনে দেখা যায়, গত অর্থবছরে দেশের মানুষের মাথাপিছু আয় ৩২ ডলার বেড়ে ৮৪৮ মার্কিন ডলার হয়েছে। আগের বছর মাথাপিছু আয় ছিল ৮১৬ মার্কিন ডলার। মাথাপিছু আয় বেড়েছে ৩ দশমিক ৯২ শতাংশ। গত অর্থবছরে রপ্তানির পরিমাণ ৫ দশমিক ৯৩ শতাংশ বেড়ে ২৪ বিলিয়ন ২৮৭ দশমিক ৬৬ মিলিয়ন মার্কিন ডলার হয়েছে। আগের বছরে এর পরিমাণ ছিল ২২ বিলিয়ন ৯২৮ দশমিক ২২ মিলিয়ন মার্কিন ডলার। এ সময়ে বেড়েছে আমদানির পরিমাণও। যা বেড়েছে দাঁড়িয়েছে ৩৫ বিলিয়ন ৪৪১ দশমিক ৮০ মিলিয়ন মার্কিন ডলারে। আগের বছর এর পরিমাণ ছিল ৩৩ বিলিয়ন ৬৫৭ মিলিয়ন মার্কিন ডলার। বৃদ্ধির পরিমাণ আগের বছরের চেয়ে ৫ দশমিক ৩০ শতাংশ। গত অর্থবছরে দেশে রাজস্ব আদায়ের পরিমাণ বেড়ে হয়েছে ৯৪ হাজার ৪৫৭ কোটি ৩৭ লাখ টাকা। আগের বছরে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ৭৯ হাজার ৪০৩ কোটি ১১ লাখ টাকা। এতে রাজস্ব আদায় বেড়েছে ১৮ দশমিক ৯৬ বা ১৯ শতাংশ। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে এ সময়ে ব্যয় হয়েছে ৩৭ হাজার ৩৭২ কোটি টাকা। আগের বছর এর পরিমাণ ছিল ৩২ হাজার ৮৫৫ কোটি টাকা। উন্নয়ন খাতে এ সময়ে ব্যয় বেড়েছে প্রায় ১৩ দশমিক ৭৫ শতাংশ। এ সময় সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে ব্যয় হয়েছে ২০ হাজার ২৭৯ কোটি ২ লাখ টাকা। এতে ১০৪টি কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। আগের বছর এ কর্মসূচিতে ব্যয় হয় ১৫ হাজার ৫৬৫ কোটি ৪৩ লাখ টাকা। এ সময় কর্মসূচি বাস্তবায়ন হয় ৬৯টি। বিদ্যুৎ ও গ্যাস উৎপাদনও এই সময় বেড়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব। তার দেয়া তথ্য অনুযায়ী, এক বছরে দেশে বিদ্যুতের উৎপাদন বেড়েছে ১ হাজার ১৭৫ দশমিক ৫০ মেগাওয়াট। ১৮টি নতুন বিদ্যুৎ কেন্দ্র উৎপাদন শুরু করেছে। এতে বিদ্যুতের উৎপাদন ৪ হাজার ৮৯০ মেগাওয়াট থেকে বেড়ে ৬ হাজার ৬৫ দশমিক ৫০ মেগাওয়াট হয়েছে। বিদ্যুতের উৎপাদন বৃদ্ধির হার ২৪ দশমিক ০৪ শতাংশ। গ্যাসের উৎপাদন তিন দশমিক ৭৪ শতাংশ বেড়ে ৭৪৭ দশমিক ৯৬৬ বিসিএফ-এ উন্নীত হয়েছে। আগের বছর এ উৎপাদনের পরিমাণ ছিল ৭২১ দশমিক ০২৭ বিসিএফ। গত অর্থ-বছরে দেশে বিদেশি পর্যটক আসার হারও বেড়েছে ১৬৯ দশমিক ৬২ শতাংশ। এ বছর দেশে পর্যটক এসেছে ২ লাখ ২ হাজার ১২৫ জন। আগের বছর পর্যটক এসেছিল ৭৪ হাজার ৯৬৮ জন। জনপ্রশাসনের বিভিন্ন শূন্যপদে এ সময় নিয়োগ দেয়া হয়েছে ১২ হাজার ১৬ জনকে। আগের বছর শূন্যপদে নিয়োগ দেয়া হয়েছিল ৯ হাজার ৫৫৯ জনকে। শূন্যপদে নিয়োগ দেয়ার হারও বেড়েছে ২৫ দশমিক ৭০ শতাংশ। ওই অর্থ-বছরে দেশে মোট ১১ লাখ ৯৭ হাজার ৯০০ অনুমোদিত পদের মধ্যে শূন্যপদ ছিল ২ লাখ ৪২ হাজার ২৩৬টি। এর আগের বছর অনুমোদিত পদ ছিল ১১ লাখ ৭৩ হাজার। ওই সময় শূন্যপদ ছিল ২ লাখ ১৪ হাজার ৩৭০টি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/২২০০ ঘ.