২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ঘাট ও গুদাম শ্রমিকদের ধর্মঘট পালন

ছবিসহ পরিচয়পত্র ও নিয়োগপত্র প্রদানসহ চারটি দাবিতে চট্টগ্রামে সাত ঘন্টা কর্মবিরতি পালন করেছে ঘাট ও গুদাম শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2012, 11:10 AM

Updated : 24 Aug 2022, 12:30 PM

চট্টগ্রাম, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছবিসহ পরিচয়পত্র ও নিয়োগপত্র প্রদানসহ চারটি দাবিতে চট্টগ্রামে সাত ঘন্টা কর্মবিরতি পালন করেছে ঘাট ও গুদাম শ্রমিকরা। সোমবার সকাল থেকে বেলা ৩ টা পর্যন্ত এ কর্মসূচি পালন করে ঘাট ও গুদাম শ্রমিক সংগ্রাম পরিষদ। এর আগে ছবিযুক্ত পরিচয়প্রত্র প্রদান, নিয়োগপত্র প্রদান, কল্যাণ তহবিলের নামে টাকা আদায় বন্ধ ও কেটে নেয়া টাকা ফেরতের দাবিতে সোমবার সকাল থেকে লাগাতার কর্ম বিরতির ঘোষণা করা হয়েছিল। বৃহস্পতিবারের মধ্যে দাবি মেনে নেয়া হবে ঘাট ঠিকাদারদের এমন আশ্বাসের ভিত্তিতে শ্রমিকদের কর্মবিরতির কর্মসূচি প্রত্যাহার করা হয় বলে জানিয়েছেন ঘাট ও গুদাম শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আলমগীর শরীফ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, পূর্ব ঘোষণা অনুসারে সোমবার থেকে ১৬টি ঘাটে শ্রমিকরা কর্মবিরতি শুরু করেছিল। দুপুরে ঘাট ঠিকাদারদের সঙ্গে বৈঠকের পর তাদের দেয়া আশ্বাসের ভিত্তিতে কর্মবিরতি প্রত্যাহার করা হয়। আগামি বৃহস্পতিবারের মধ্যে শ্রমিকদের সব দাবি মানা না হলে পর দিন থেকে লাগাতার কর্মবিরতি পালন করা হবে বলে তিনি জানান। শ্রমিকদের ধর্মঘটের কারণে কর্ণফুলী নদীর ষোলটি ঘাটে লাইটারেজ জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এসইউ/১৭০২ ঘ.