ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগকে ‘শতাব্দীর সবচেয়ে বড় মিথ্যাচার’ বলে অভিহিত করেছেন তার আইনজীবী।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাঈদীর মামলার যুক্তি-তর্ক শুনানিতে রোববার আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শুরুর দিনে জামায়াত নেতার কৌঁসুলি মিজানুল ইসলাম এই দাবি করেন।
আসামি পক্ষে যুক্তি-তর্কের পরই এই মামলার রায়ের দিন নির্ধারণ করবে ট্রাইব্যুনাল। যুদ্ধাপরাধের মামলাগুলোর মধ্যে সাঈদীর মামলার শুনানিই সবার আগে রায়ের কাছাকাছি পৌঁছেছে।
খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ, লুটপাটসহ অন্যান্য মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত করে জামায়াতের নায়েবে আমির সাঈদীর বিচার চলছে। ২০১১ সালের ৩ অক্টোবর সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের ২০টি সুনির্দিষ্ট ঘটনায় অভিযোগ গঠন হয়।
সাঈদীর বিরুদ্ধে প্রসিকিউশনের প্রথম সাক্ষী মাহবুব আলম হাওলাদারর বক্তব্য খণ্ডন করে সাঈদীর কৌঁসুলি মিজানুল বলেন, অভিযোগকারী বলেছিলেন- সাঈদী রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে উচ্চ মাধ্যমিকে পড়ার সময় শর্ষিনা মাদ্রাসা থেকে বহিষ্কৃত হয়েছিলেন। কিন্তু এই অভিযোগের কোনো প্রমাণ অথবা দলিল উপস্থাপিত হয়নি।
“সাক্ষী বলেছিলেন যে তিনি এ বিষয়টি জানতে পেরেছেন। কিন্তু যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তিনি সাঈদীর কোনো শিক্ষক, সহপাঠী অথবা ওই প্রতিষ্ঠানের অন্য কোনো শিক্ষার্থীকে চেনেন কি না, তখন তখন সাক্ষী উত্তর দিয়েছিল, ‘না’।”
সকালে শুনানির শুরুতে বিচারকের কাছ থেকে কথা বলার সুযোগ চেয়ে নেন সাঈদী। তিনি বলেন, বিচারকরা সবার আগে স্বর্গে যাবে, তবে তাদের পায়ের নিচে আছে লেলিহান অগ্নিকুণ্ড।
ওয়াজের জন্য পরিচিত সাঈদী কুরআনের একটি উক্তির উদ্ধৃতি দিয়ে বলেন, পৃথিবীতে তিন ধরনের বিচারক রয়েছেন। একদল রয়েছেন, যারা সব অভিযোগ শোনেন এবং বিষয়বস্তুর আলোকে রায় দেন। তারা বেহেস্তে যাবেন।
“কিন্তু যারা রায় দেয়ার সময় অন্যের দ্বারা প্রভাবিত হয় অথবা যারা শুনানির আলোকে রায় দেয় না তারা জাহান্নামের মুখোমুখি হবে।”
জামায়াত নেতা আশঙ্কা প্রকাশ করে বলেন, ট্রাইব্যুনাল ‘অদৃশ্য হাতের লেখা’ একটি রায় পড়ে শোনাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এফএ/এমআই/২৩৫০ ঘ.
bdnews24