ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বাংলাদেশ রেলওয়ের অবৈধ ভাবে দখল হয়ে যাওয়া কয়েক একর জমি উদ্ধার করে ট্রাক টার্মিনাল করার ঘোষণা দিয়েছেন রেলপথমন্ত্রী মুজিবুল হক।
রোববার সকালে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে রেলপথমন্ত্রী মুজিবুল হক এবং নৌপথ মন্ত্রী শাহাজাহান খান তেজগাঁও শিল্পাঞ্চলে গড়ে ওঠা ট্রাক স্ট্যান্ড এলাকা পরিদর্শনে আসেন।
এ সময় ট্রাক মালিক সমিতির কার্যালয়ে ট্রাক মালিকদের সাথে আলোচনায় রেলপথমন্ত্রী মুজিবুল হক বলেন, “এখানে রেলের বেশ কয়েক একর জমি অব্যবহৃত হয়ে পরে রয়েছে, যার বেশির ভাগেই সরকারের কোনো নিয়ন্ত্রন নাই। আপনাদের যাদের গাড়ি এখানে রেখেছেন তাদের কাছে অনুরোধ আপনারা এ জমি রেলওয়েকে বুঝিয়ে দিন। এখানে সরকার আপনাদের জন্য বৈধভাবে একটি ট্রাক টার্মিনাল তৈরির পরিকল্পনা করেছে।”
“এ টার্মিনাল তৈরি হলে আপনারা বৈধভাবে আপনাদের গাড়ি এখানে রাখতে পারবেন। এতে আপনাদেরও লাভ, রেলওয়েও কিছু আয়ের সুযোগ পাবে”, যোগ করেন রেলপথমন্ত্রী।
এ সময় রেলমন্ত্রী ঐ এলাকায় রেলের কতটুকু জমি কী পরিমানে আছে তার একটি হিসাব জেলা রেল অফিসার এবং জেলা ভূমি অফিসারকে সরবরাহ করার নির্দেশ দেন।
ঢাকা-টঙ্গী রুটে আরো দুটি রেল লাইন নির্মাণ করা হবে বলে জানান রেলমন্ত্রী।
এ সময় যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “এখানে ট্রাক টার্মিনাল না থাকার কারনে যানজট সৃষ্টি হচ্ছে। আশা করি টার্মিনাল তৈরি হয়ে গেলে আর কোনো সমস্যা থাকবে না।”
সভায় নৌমন্ত্রী শাহাজাহান খান ট্রাক মালিক শ্রমিকদের উদ্দেশ্য করে বলেন, “আপনাদের কথা দিতে হবে যে আপনারা রাস্তার উপরে গাড়ি রাখবেন না বা মেরামত করবেন না। আপনারা যদি কথা দেন, তাহলে এখান থেকেই আমাদের কার্যক্রম শুরু করবো।
ট্রাক মালিকদের সাথে আলোচনা শেষে মন্ত্রীরা ট্রাক স্ট্যান্ড এলাকা পরিদর্শন করেন। এ সময় স্ট্যান্ডের সামনে আবর্জনার স্তুপ দেখে ওবায়দুল কাদের তা তাৎক্ষণিকভাকে পরিস্কার করার নির্দেশ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এসইউ/১৪২৭ ঘ.
bdnews24