গাজীপুর, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-গাজীপুরের কালিয়াকৈরে কারখানা কর্মকর্তাকে গুলি করে পালানোর সময় এক যুবককে আটক করা হয়েছে।
শনিবার সকালে উপজেলার সফিপুরে আটক আরিফ হোসেনের (২৬) কাছে দুই রাউন্ড গুলি ও একটি চাকু উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
আরিফ বগুড়ার শান্তাহার রেল স্টেশন এলাকার মো. সালমানের ছেলে।
স্থানীয় গোমতি টেক্সটাইলের আহত সুপারভাইজার মো. শাহজাহান মিয়া (২৫) গাইবান্ধার সাঘাটা উপজেলার গেবিন্দপুর গ্রামের আফসার উদ্দিনের ছেলে। তাকে সফিপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক মো. রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে আরিফ হোসেন তার দুই সঙ্গী আমিনুল ইসলাম (২৬) ও মো. আরজু মিয়াকে নিয়ে সফিপুর বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে অবস্থান নেন।
সকাল সাড়ে ৭টার দিকে শাহজাহান ওই পথে যাওয়ার সময় তারা তাকে লক্ষ্য করে পিস্তল থেকে গুলি করে।
গুলিটা তার ডান হাতের উপরে লেগে সামান্য জখম করে চলে যায়।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, এরপর পালানোর সময় জনতা একটি চায়নিজ চাকু এবং পিস্তলের দুই রাউন্ড গুলিসহ আরিফকে আটক করে পুলিশে দেয়। পিস্তলসহ অন্যরা পালিয়ে যায়।
থানায় আরিফ জানান, জাহিদ নামের এক যুবকের সঙ্গে শাহজাহানের পূর্ব শত্র“তার জেরে ২০ হাজার টাকার চুক্তিতে তারা শাহাজাহানকে খুন করতে চেয়েছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬০০ ঘ.
bdnews24