ঢাকা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাত বছর পেরিয়ে গেলেও দৈনিক সমকালের সাংবাদিক গৌতম দাস হত্যা মামলার বিচার শেষ হয়নি।
সমকালের ফরিদপুর ব্যুরো প্রধান গৌতম দাসকে ২০০৫ সালের ১৭ নভেম্বর খুন হন।
ফরিদপুর শহরের মুজিব সড়কের সংস্কার কাজ নিয়ে প্রতিবেদন প্রকাশের কারণেই তাকে হত্যা করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
২০০৬ সালের ১৯ জানুয়ারি মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়। ১ অগাস্ট ফরিদপুরের আদালত থেকে মামলাটি দ্রুত বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর হয়।
ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি আবু আবদুল্লাহ ভূইয়া শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২৮ নভেম্বর ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূরউদ্দিন আলোচিত এ মামলার রায়ের তারিখ জানাবেন।
তবে আসামি পক্ষের কৌঁসুলি নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২৮ নভেম্বর রায়ের তারিখ ঘোষণা নাও হতে পারে।
কয়েকজন বিচারকের হাত ঘুরে মামলাটি আবার প্রথম বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালতে আসে। মামলায় সাক্ষ্য গ্রহণের এক পর্যায়ে নূর উদ্দিন রাজবাড়ীর আদালতে বদলি হয়ে যাওয়ায় একজন ভারপ্রাপ্ত বিচারকসহ তিনজন বিচারকের কাছে মামলা বিচারের ভার পড়ে।
এ মামলাটি রায়ের পর্যায়ে চলে আসা অবস্থায় আসামিপক্ষ বার বার নানা অজুহাতে শুনানি মুলতবি চেয়েছিল বলে অনুসন্ধানে দেখা যায়।
২০০৭ সালের ১৩ নভেম্বর আসামি পক্ষ হাই কোর্ট থেকে মামলাটির বিচারের ওপর স্থগিতাদেশ পায়। পরে আবার সে আদেশ প্রত্যাহার করা হয়।
এ মামলার সব আসামিই জামিন পেয়ে গেছে এবং প্রায় সব আসামির বিরুদ্ধেই একাধিক মামলা ফরিদপুরসহ বিভিন্ন জেলার আদালতে বিচারাধীন।
জামিন নাকচ হওয়ায় ২০১০ সালের ২১ এপ্রিল আসিফ ইমরান নামের এক আসমি কাঠগড়া থেকে পালিয়ে যান। পরে ২৬ অগাস্ট র্যাবের হাতে ধরা পড়ে তিনি। রাষ্ট্রপক্ষের আপত্তি সত্ত্বেও পরে ওই আসামিকে জামিন দেন আদালতের ভারপ্র্রাপ্ত বিচারক কানিজ আকতার নাসরিনা খানম।
তিনি আসামির জামিন দিলেও মামলার যুক্ততর্কের শুনানি গ্রহণ করছেন না বলে গণমাধ্যমে খবর প্রকাশিতও হয়।
মামলার বিচার কাজের জন্য ১৩৫ কার্যদিবস সময় বেঁধে দেয়া আছে। তবে সে সময় পার করার জন্য আসামি পক্ষ বিভিন্ন কৌশল নেয় বলে এর আগে অভিযোগ ওঠে।
কারণ এ সময়ের মধ্যে ট্রাইব্যুনাল মামলার বিচার শেষ করতে না পারলে মামলাটি আবার বিচারিক আদালতে ফিরে যাবে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আবু আবদুল্লাহ ভূইয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিচারিক আদালতে শক্তিশালী আসামিপক্ষ বিচারে প্রভাব সৃষ্টি করতে পারে।
মামলায় ১০ আসামি আসিফ ইমরান ,আসিফ ইমতিয়াজ বুলু,কাজী মুরাদ,জাহিদ খান, কামরুল ইসলাম আপন, আসাদ বিন কাদির, সিদ্দিকুর রহমান মিয়া,তামজিদ হোসেন বাবু, রাজিব হাসান মিয়া, আবু তাহের মতুর্জা ওরফে এ্যপোলো জামিনে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমডি/১৪২৪ ঘ.
bdnews24