কুমিল্লা, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় মোটর সাইকেল আরোহী দুই ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার ভোর ৫টায় দাউদকান্দির হাসানপুর কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন- দাউদকান্দি উপজেলার সবজিকান্দি গ্রামের অলি মিয়ার ছেলে রাসেল (৩৫) এবং একই গ্রামের আনোয়ার মিয়ার ছেলে হোসেন মিয়া (২৫)।
মহাসড়ক পুলিশের দাউদকান্দি ফাঁড়ির উপপরিদর্শক মেহেদী হাছান সাংবাদিকদের বলেন, হাসানপুর কলেজের সামনে দাউদকান্দি থেকে কুমিল্লাগামী একটি মোটর সাইকেলকে চাপা দেয় বিপরীতমুখী একটি বাস। এতে মোটর সাইকেল আরোহী দুজন ঘটনাস্থলেই মারা যায়।
পুলিশ বাসটি সনাক্ত করতে পারেনি। লাশ দুটি ফাঁড়িতে আনা হয়েছে বলে পুলিশ কর্মকর্তা মেহেদী জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৩০ ঘ.
bdnews24