২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠ দখলে রাখতে বললেন প্রধানমন্ত্রী

রাজনীতির মাঠ দখলে রাখতে দলীয় নেতাদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভনেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2012, 05:22 PM

Updated : 24 Aug 2022, 12:29 PM

ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনীতির মাঠ দখলে রাখতে দলীয় নেতাদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভনেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে নেতাদের মাঠে থাকার তাগাদা দেন তিনি। সন্ধ্যা ৬টায় শুরু হয়ে প্রায় সাড়ে তিন ঘণ্টা ধরে চলা এই বৈঠকের একটি বড় অংশ জুড়ে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে বৈঠকে উপস্থিত একাধিক নেতা জানিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির এক সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের সভানেত্রী বলেছেন, মাঠ দখলে রাখার কোনো বিকল্প নেই।” এজন্য চলতি মাস থেকেই নানা কর্মসূচি দেয়া হবে বলে জানান তিনি। বিজয়ের মাস ডিসেম্বর, ভাষা আন্দোলনের মাস ফেব্রুয়ারি এবং স্বাধীনতার মাস মার্চে বিভিন্ন কর্মসূচি দেয়া হবে। সমমনা ও মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দল ও সংগঠনগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে এসব কর্মসূচি দেয়া হবে। সব কর্মসূচি সোহরাওয়ার্দি উদ্যানের স্বাধীনতা স্তম্ভকে কেন্দ্র করে পালন করা হবে বলে বৈঠক সূত্রটি নিশ্চিত করেন। এ জন্য দলীয় সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একটি কমিটি করার বিষয়েও বৈঠকে আলোচনা হয়। অর্থমন্ত্রীর সমালোচনা ‘বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে পারিনি’ বলে সম্প্রতি অর্থমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তার সমালোচনা করা হয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে। কার্যনির্বাহী সংসদের সদস্য আখতারুজ্জামান এই বিষয়টি বৈঠকে উত্থাপন করেন। আওয়ামী লীগ সভনেত্রীও বলেন, অর্থমন্ত্রী বিনিয়োগ আকর্ষণ না করতে পারার কথা বলে ঠিক করেননি। এ সময় ধানমন্ডির ৩ নম্বরে দলীয় সভানেত্রীর কার্যালয়ে বসে সরকার, মন্ত্রী ও দলের সমালোচনা করতেও নিষেধ করেন শেখ হাসিনা। জেলা কমিটি ভাঙা যাবে না বৈঠকে সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম বরিশাল, বি এম মোজাম্মেল হক খুলনা এবং মেসবাহউদ্দিন সিরাজ সিলেট বিভাগের সাংগঠনিক অবস্থা নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, কেন্দ্রের অনুমতি ছাড়া কোনো জেলা বা উপজেলা কমিটি ভাঙা যাবে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএইচ/এইচএ/২৩১৮ ঘ.