কক্সবাজার, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম-কক্সবাজার সড়কের চকরিয়া উপজেলায় শুক্রবার রাতে যাত্রীবাহী বাসে ডাকাতির সময় চালককে গুলি করে হত্যা করেছে ডাকাতরা।
রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ডুলহাজারার মেধাকচ্ছপিয়া এলাকায় ডাকাতির এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার বাবুল আকতার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কুমিল্লা-কক্সবাজার রূটের তিশা পরিবহনের (ঢাকা মেট্রো গ-১৪-৬৭৩২) ডাকাতি হয়।
“চালক জসীম উদ্দিনকে (৪০) মাথায় গুলি করে হত্যা করা হয়। সহকারীকে বাস থেকে ফেলে দেয় ডাকাতরা।”
বাসযাত্রীদের বরাত দিয়ে চকরিয়া থানার ওসি রণজিত কুমার বড়–য়া জানান, চকরিয়ার চিরিঙ্গা এলাকা থেকে ৫/৬ যাত্রী বাসে ওঠে। তারা বাসটির সামনে বসেছিল।
“এক পর্যায়ে তারা চালকের মাথায় পিস্তল ধরে বাস থামাতে বলে। কথা না শুনে বাসটি চালিয়ে যাওয়ার চেষ্টা করলে ডাকাতরা চালকের মাথায় গুলি করে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় ডাকাতরা সহকারীকে বাস থেকে ফেলে দেয়।”
পরে তারা অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের জিনিসপত্র লুটে নিয়ে সটকে পড়ে। আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানান ওসি।
তিনি জানান, ডাকাতদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এসইউ/১২২৫ ঘ.
bdnews24