শরীয়তপুর, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুরের জাজিরায় ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে প্রতিপক্ষের হামলায় আহত এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মৃত হারুন সরদার বড়কান্দি ইউপি চেয়ারম্যান সিরাজ সরদারের সমর্থক হিসেবে পরিচিত ছিলেন।
হারুন বৃহস্পতিবার ভোরে সাবেক ইউপি চেয়ারম্যান সফিজ উদ্দিন খলিফার সমর্থকদের হামলায় টেটাবিদ্ধ হন। তাকে প্রথমে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তার মৃত্যু হয়।
১৪ বছর পর বড়কান্দি ইউনিয়নের নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১৯ ডিসেম্বর এখানে ভোট হবে। এ নির্বাচন নিয়ে দুই প্রার্থীর মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে বলে জানান গ্রামবাসী।
এর জের ধরেই বৃহস্পতিবার ভোরে সফিজ উদ্দিন খলিফার সমর্থকরা ইউনিয়নের ১৪টি পাড়ার প্রায় অর্ধশতাধিক বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর-লুটপাট করে বলে পুলিশ জানায়। এ সময় অন্তত ২৫ জন আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করে ৭ জনকে।
সফিজ উদ্দিন খলিফার সমর্থকরা জানায়, হামলার পরই গ্রেপ্তার ও পুলিশি হায়রানি এড়াতে তাদের লোকজন বাড়িঘর ছেড়ে চলে গেলে বৃহস্পতিবার রাতে বর্তমান ইউপি চেয়ারম্যান সিরাজ সরদারের সমর্থকরা তাদের বাড়িতে হামলা চালিয়ে অর্ধশত বাড়িঘর ভাংচুর-লুটপাট করে।
তবে লুটপাট ও হামলার কথা অস্বীকার করেছে বড়কান্দি ইউপি চেয়ারম্যান সিরাজ সরদার।
জাজিরা থানার ওসি মো. এনায়েত হোসেন বলেন, রাতে একটু উত্তেজনার সৃষ্টি হয়েছিল। তবে কোনো হামলা-লুটপাট হয়নি। এলাকার পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ মোতায়েন রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৯৫১ ঘ.
bdnews24