২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাড়াবাড়ি করলে শরিয়া আইনে ব্যবস্থা’

যুদ্ধাপরাধের বিচারে কোনো ছাড় দেয়া হবে না জানিয়ে যারা এর বিরোধিতা করছে তাদের বিরুদ্ধে প্রয়োজনে এ ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন প্রধানমন্ত্রী

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2012, 01:53 PM

Updated : 24 Aug 2022, 12:29 PM

ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের বিচারে কোনো ধরনের ছাড় দেয়া হবে না জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ বিচারের বিরোধিতাকারীদের বিরুদ্ধে প্রয়োজনে শরিয়া আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। শুক্রবার গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী বলেন, “বেশি বাড়াবাড়ি করলে বিকল্প পথ আমাদের জানা আছে। কী করতে হবে তা আমাদের জানা আছে। দরকার হলে শরিয়া আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। কিসাস তো আছেই।” পুলিশের ওপর হামলার ঘটনা তুলে ধরে জামায়াতে ইসলামীসহ বিরোধীদলকে এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেপ্তার শীর্ষ নেতাদের মুক্তি দাবিতে গত ৫ নভেম্বর মতিঝিলে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। তারপর থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন স্থানে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘাত চলছে। মঙ্গলবার আইনমন্ত্রীর গাড়িবহরেও হামলা চালায় ইসলামী ছাত্রশিবির। ক্ষমতাসীন আওয়ামী লীগ বরাবরাই এসব ঘটনার পেছনে বিএনপির ইন্ধন রয়েছে অভিযোগ করে আসছে। প্রধানমন্ত্রী বলেন, “বিরোধীদলীয় নেত্রীসহ সকলকে আমি এসব কর্মকা- থেকে বিরত থাকার আহ্বান জানাই। পরাজিত শক্তির দোসররা জনগণের ভাগ্য নিয়ে খেলা করবে, তা কোনো দিন বরদাস্ত করা হবে না।” “এগুলো করে যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে পারবেন না। যুদ্ধাপরাধীদের বাঁচাতে পারবেন না। বিচার হবেই। যত বাড়াবাড়ি করবে তত দ্রুত বিচার হবে”, যোগ করেন তিনি। যুদ্ধাপরাধীদের বিচারের ট্রাইবুনাল আন্তর্জাতিক মানসম্পন্ন হয়েছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার যে কোনো অপতৎপরতার বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকারও আহ্বান জানান আওয়ামী লীগ সভানেত্রী। বিরোধীদলীয় নেতার রামু পরিদর্শনের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, “উনি চীনে গেলেন। উনি ভারত গেলেন। বিশ্ব ভ্রমণ করে ওখানে যাওয়ার সময় হলো। ৪০ দিন পরে ওখানে গিয়ে সরকারের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তৃতা দিয়ে আসলেন।” শেখ হাসিনার সভাপতিত্বে সন্ধ্যা ৬টার দিকে দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকটি শুরু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/এসইউ/১৯৪৫ ঘ.