নারায়ণগঞ্জ, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধর্মভিত্তিক মৌলবাদী রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন করেছে শিশু-কিশোর সংগঠন খেলাঘর।
জেলা কমিটির আয়োজনে এ মানববন্ধনে খেলাঘরের কেন্দ্রীয় উপদেষ্টা আইনমন্ত্রী শফিক আহমেদের উপর হামলার জন্য জামায়াত-শিবিরকে দায়ী করে তাদের প্রতিহত করার আহবান জানানো হয়।
শুক্রবার বেলা ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়।
খেলাঘর জেলা সভাপতি রথীন চক্রবর্তীর সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন জেলা সিপিবি সভাপতি হাফিজুল ইসলাম, বাসদের সমন্বয়ক নিখিল দাস, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুল রহমান, জেলা সাংস্কৃতিক জোট সভাপতি প্রদীপ ঘোষ বাবু, মনি সুপান্থ, ভবানী শংকর রায় প্রমুখ।
এতে অংশ নেয় সত্যাশ্রয়ী, একতা, সমীকরণ, স্বর্ণকলি, ডিঙি-পানামী, সোনারোদ, ঝিলিমিলি, অগ্নিবন্যা, প্রজাপতি, রূপসী বাংলা ও ক্রান্তি খেলাঘর আসরের কর্মীরা।
বক্তারা জামায়াত-শিবিরসহ মৌলবাদী ধর্মভিত্তিক সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন করে রাজাকারদের ফাঁসির রায় কার্যকরের আহবান জানান।
সমাবেশ শেষে একটি মিছিল শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৬৪১ ঘ.
bdnews24