২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুভাষ দত্তের শূন্যতা পূরণ হওয়ার নয়: খালেদা

চলচ্চিত্রকার, অভিনেতা ও সংস্কৃতিক ব্যক্তিত্ব সুভাষ দত্তের মৃত্যুতে শোক প্রকাশ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, এই শিল্পীর শূন্যস্থান পূরণ হওয়ার নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2012, 08:43 AM

Updated : 24 Aug 2022, 12:29 PM

ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলচ্চিত্রকার, অভিনেতা ও সংস্কৃতিক ব্যক্তিত্ব সুভাষ দত্তের মৃত্যুতে শোক প্রকাশ করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেছেন, এই শিল্পীর শূন্যস্থান পূরণ হওয়ার নয়। শুক্রবার বিএনপির সহদপ্তর সম্পাদক আসাদুল করীম শাহিন স্বাক্ষরিত এক এক শোকবার্তায় খালেদা জিয়া বলেন, “অসাধারণ অভিনয়ের জন্য দেশের মানুষের মনে চিরজাগরুক থাকবেন সুভাষ দত্ত।” খালেদা তার শোকবার্তায় সুভাষ দত্তের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। “বহুমাত্রিক অভিনয় নৈপুণ্যের জন্য অন্য শিল্পীদের থেকে সুভাষ দত্ত ছিলেন সম্পূর্ণ আলাদা। তার মৃত্যুতে দেশের চলচ্চিত্র অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হলো- তা সহজে পূরণ হওয়ার নয়।” মুক্তিযুদ্ধের পটভূমিতে সুভাষ দত্তের নির্মিত চলচ্চিত্র ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষীর’ কথাও শোকবার্তায় স্মরণ করেন বিএনপি চেয়ারপারসন। শুক্রবার সকাল ৭টার দিকে রাজধানীর রামকৃষ্ণ মিশন রোডে নিজের বাড়িতে মারা যান একুশে পদকজয়ী চলচ্চিত্রকার সুভাষ দত্ত। তার বয়স হয়েছিল ৮২ বছর। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সাবেক তথ্য মন্ত্রী তরিকুল ইসলাম, ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকাও পৃথক বিবৃতিতে সুভাষ দত্তের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৪৩৫ ঘ.