২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চলে গেলেন ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’

বাংলাদেশের স্বাধীনতার উষালগ্নে যে ক’জন নির্মাতার হাতে বাংলা চলচ্চিত্র ‘আকৃতি’ পেতে শুরু করেছিল, সুভাষ দত্ত তাদেরই একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2012, 06:25 AM

Updated : 24 Aug 2022, 12:29 PM

ঢাকা, নভেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুতরাং, অরুণোদয়ের অগ্নিসাক্ষী, বসুন্ধরার মতো চলচ্চিত্রের নির্মাতা, অভিনেতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুভাষ দত্ত আর নেই। শুক্রবার সকাল ৭টার পর রাজধানীর রামকৃষ্ণ মিশন রোডে নিজের বাড়িতে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৮২ বছর। চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মহাম্মদ হান্নান জানান, হৃদরোগসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন সুভাষ দত্ত। গত বছর বেশ কয়েকদিন হাসপাতালেও থাকতে হয় তাকে। বাংলাদেশের স্বাধীনতার উষালগ্নে যে ক’জন নির্মাতার হাতে বাংলা চলচ্চিত্র ‘আকৃতি’ পেতে শুরু করেছিল, সুভাষ দত্ত তাদেরই একজন। এই গুণী পরিচালকের মৃত্যুর খবরে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতসহ বিভিন্ন দলের নেতা ও সংগঠন সুভাষ দত্তের মৃত্যুতে শোক প্রকাশ করেছে। ১৯৩০ সালের ৯ ফেব্রুয়ারি দিনাজপুরে জন্ম নেয়া সুভাষ দত্তের কর্মজীবনের শুরু হয়েছিল সিনেমার পোস্টার এঁকে। মাটির পাহাড় চলচ্চিত্রে কাজ করেন শিল্প নির্দেশনায়। অভিনেতা সুভাষ দত্তকে বাংলাদেশের দর্শক প্রথম পায় এহতেশাম পরিচালিত ‘এ দেশ তোমার আমার’ ছবিতে। এক পর্যায়ে কৌতুক অভিনেতা হিসাবে প্রশংসাও কুড়ান। চলচ্চিত্রের পাশাপাশি তিনি অভিনয় করেছেন মঞ্চেও। ১৯৭২ সালে আরণ্যক নাট্যদলের প্রথম প্রযোজনা ‘কবর’ এ তাকে মঞ্চে দেখেছে দর্শক। গত বছর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এক সাক্ষাৎকারে তিনি জানান, ১৯৫৭ সালে সত্যজিত রায়ের ‘পথের পাঁচালী’ দেখেই ছবি বানানোর নেশা তাকে পেয়ে বসে। শেষ পর্যন্ত নির্মাতা সুভাষের হাত থেকেও বেশ কিছু উল্লেখযোগ্য চলচ্চিত্র পেয়েছে বাংলা চলচ্চিত্র। দুই কিশোর-কিশোরীর প্রেমের গল্প নিয়ে তার পরিচালনায় প্রথম ছবি ‘সুতরাং’ মুক্তি পায় ১৯৬৪ সালে। ওই ছবি দিয়েই চলচ্চিত্রে যাত্রা শুরু হয় মিনা পালের, যিনি পরে তারকা খ্যাতি পান কবরী নামে। একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ঢাকায় পাকিস্তানি সেনাবাহিনী একবার আটক করে সুভাষ দত্তকে। তবে কয়েকটি উর্দু ছবিতেও অভিনয় করার কারণে তখন পাকিস্তানেও তিনি পরিচিত মুখ। সেই সুবাদে সেদিন পাকিস্তানি ক্যাপ্টেন তাকে ছেড়ে দিতে বলেন। প্রাণে বেঁচে যান সুভাষ। “আমি যখন যেখানে যেতাম, তখন আমার পিছে পিছে লোকজন ছুটত আর বলতো, সুভাষ দত্ত যা রাহে! আমি দেখতে ছোটখাট বলেই আমার দিকে নজরটা বেশি পড়তো কিনা তা অবশ্য বলতে পারছি না”, একাত্তরের স্মৃতিচারণে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছিলেন সুভাষ। সেই ছোটখাট মানুষটিই পরে মুক্তিযুদ্ধের পটভূমিতে নির্মাণ করেন ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’, যাকে তার বানানো অন্যতম সেরা ছবি হিসাবে বিবেচনা করা হয়। ১৯৭৭ সালে আলাউদ্দিন আল আজাদের বিখ্যাত উপন্যাস ২৩ নম্বর তৈলচিত্র অবলম্বনে ‘বসুন্ধরা’ নামের যে চলচ্চিত্রটি তিনি নির্মাণ করেন- তা আজো চলচ্চিত্র সমালোচকদের আলোচনার বিষয়। এছাড়া ডুমুরের ফুল, আয়না, নূরী, আর্বিভাব, কাগজের নৌকা, অরুণোদয়ের অগ্নিসাক্ষী, আলিঙ্গন, পালা বদল, অবশিষ্টসহ বেশকিছু দর্শক নন্দিত ও আলোচিত চলচ্চিত্র নির্মাণ করেছেন সুভাষ দত্ত। পরে টেলিভিশনের জন্য নাটক ও টেলিফিল্মও বানিয়েছেন। বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে অবদানের জন্য ১৯৯৯ সালে একুশে পদক পান সুভাষ দত্ত। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ বহু সম্মাননা। সুভাষ দত্তের বড় ছেলে শিবাজী দত্ত জানান, তার বাবার কফিন শ্রদ্ধা জানানোর জন্য শনিবার সকালে রামকৃষ্ণ মিশনে রাখা হবে। এরপর বেলা ১২টার দিকে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ নিয়ে যাওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। শনিবার বিকালে শেষবারের মতো দীর্ঘদিনের কর্মস্থল এফডিসিতে যাবেন সুভাষ দত্ত। এরপর সন্ধ্যায় পোস্তগোলা শ্মশানে এই চলচ্চিত্র নির্মাতার শেষকৃত্য হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/জেকে/১৪৪৫ ঘ.