সিরাজগঞ্জ, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আহত এক জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে চার জনে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার ভোরে সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সংঘর্ষে আহত শাহাদৎ হোসেনের (৩৭) মৃত্যু হয় বলে জানান বেলকুচি থানার ওসি মিজানুর রহমান।
শাহাদৎ উপজেলার ব্রাক্ষ্মণগ্রামের আকবার আলীর ছেলে।
জমি নিয়ে বিরোধের জের ধরে সোমবার সকালে ব্রাক্ষ্মণ গ্রামের শামসুল হক ও সাইফুল ইসলামের লোকজনের সঙ্গে তাদের ভাতিজা শাহাদৎ ও আলমগীরের সমর্থকদের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আলমগীর ও তার ভাই সৈয়দুল নিহত হয়।
সংঘর্ষে উভয়পক্ষের চার জন আহত হয়। তাদের মধ্যে ওই দিনই বগুড়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রতিপক্ষ শামসুল হকের মৃত্যু হয়।
গুরুত্বর আহত অবস্থায় শাহাদৎকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। তিনদিন পর তার মৃত্যু হয়।
সিরাজগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার রবিউল ইসলাম বলেন, বর্শার আঘাতে শাহাদৎ হোসেনের নাড়ী কেটে যায়। অস্ত্রোপচার করা হলেও আঘাত বেশি গুরত্বর হওয়ায় তার মৃত্যু হয়।
ওসি মিজানুর জানান, এ ঘটনায় নিহত আলমগীরের ভাই আব্দুল্লাহ বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছে। আসামিদের মধ্যে এখন পর্যন্ত চার জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচ/২২৫৪ ঘ.
bdnews24