২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই বাংলাদেশিকে ফিরিয়ে দিল বিএসএফ

বিকালে আটক সাতক্ষীরার দুই যুবককে সন্ধ্যায় ফিরিয়ে দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2012, 04:07 PM

Updated : 24 Aug 2022, 12:29 PM

সাতক্ষীরা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিকালে আটক সাতক্ষীরার দুই যুবককে সন্ধ্যায় ফিরিয়ে দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী-বিএসএফ। এরা হলেন কলারোয়া উপজেলার সুলতানপুর গ্রামের দ্বীন মোহাম্মাদের ছেলে জিল্লুর রহমান (২৪) ও একই গ্রামের আবুল হোসেনের ছেলে শাহীন আলম (২২)। বৃহস্পতিবার বিকালে সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়েছিল। সন্ধ্যায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে ফেরত দেয়া হয় বলে জানান সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আবু বাছির। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জিল্লুর ও শাহীন বিকালে হিজলদী সীমান্তের মেইন পিলার ১৬ এর কাছে বাংলাদেশ সীমানায় ঘাস কাটছিলেন। এ সময় ভারতের ১৫২ বিএসএফের গোবিন্দপুর ক্যাম্পের টহল দল তাদেরকে ডেকে নিয়ে আটক করে। সঙ্গে সঙ্গেই দুই বাংলাদেশিকে আটকের প্রতিবাদ ও তাদের ফেরত চেয়ে চিঠি দেওয়া হয়েছিল বলে জানান বিজিবি কর্মকর্তা। পতাকা বৈঠকে বিজিবির হিজলদী ক্যাম্পের হাবিলদার আব্দুল আওয়াল ও গোবিন্দপুর বিএসএফ ক্যাম্পের এস আই পান্ডে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২২০৫ ঘ.