গাজীপুর, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কটি বিশ্ব মানের হবে বলে জানিয়েছেন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ।
আগামী বছর মার্চে ৩ হাজার ৮১০ একরের এ পার্কটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করবেন বলে তিনি জানান।
বৃহস্পতিবার সাফারি পার্ক অফিস উদ্বোধন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
তিনি বলেন, দখলদারদের কবল থেকে গাজীপুরের ভাওয়ালের শালবন, ভূমি ও জীববৈচিত্র রক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক নির্মাণ করার উদ্যোগ নেয়া হয়েছে।
মন্ত্রী বলেন, বিগত চার দলীয় জোট সরকারের আমলে এসব ভূমি দখল করে দলীয় নেতাকর্মীদের মধ্যে বিতরণ করা হয়েছিল। সংরক্ষিত বনাঞ্চলের মধ্যে তারেক জিয়া ও তার বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনসহ অনেকে ইন্ডাস্ট্রি গড়ে তোলেন।
“এমনিভাবে সে আমলে অবৈধভাবে বনের অনেক জমি লিজ দেয়া হয়েছিল, যার অনেকটাই আমরা পুনরুদ্ধার করেছি। আমরা এ অঞ্চলের বনরাজি রক্ষার উদ্যোগ গ্রহণ করেছি। এ পার্কটি বিশ্বমানের সাফারি পার্ক হিসেবে গড়ে তোলা হবে।”
প্রধান বন সংরক্ষক মো. ইউনুছ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ আকম মোজাম্মেল হক, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব মো. শফিকুর রহমান পাটোয়ারী, গাজীপুর জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম, শ্রীপুর উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন সবুজ প্রমুখ।
পার্কের প্রকল্প পরিচালক তপন কুমার দে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১০ সালে এ প্রকল্পের কার্যক্রম শুরু হয়। ২০১১ সালের ২ ফেব্র“য়ারি সাফারি পার্ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বর্তমান পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৩৩ ঘ.
bdnews24