ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুদ্রা পাচারের মামলায় ডেসটিনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিন এবং চেয়ারম্যান মোহাম্মদ হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিতে চার দিন সময় পেয়েছে দুর্নীতি দমন কমিশন।
বৃহস্পতিবার বিকালে ঢাকার মহানগর হাকিম এম এ সালাম এ আদেশ দেন।
এ মামলার তদন্ত কর্মকর্তা তাদের আদালতে হাজির করে ১০ দিনের হেফাজতের আবেদন করেছিলেন।
রিমান্ড শুনানিতে দুদকের আইনজীবী মাহমুদ হাসান জাহাঙ্গীর আদালতকে বলেন, আসামিরা ডেসটিনির দুই হাজার ১শ’ ৬ কোটি ৬৪ লাখ ৬৫ হাজার টাকা আত্মসাত করে নিজেদের একাউন্টে নিয়ে গেছে। ৫শ’ ৩৩টি ব্যাংক একাউন্টে টাকা আছে মাত্র ১৮ কোটি টাকা। তাই আসামিদেরকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেয়া জরুরি।
এ সময় আসামি পক্ষের আইনজীবী কাজী নজিবুল্লাহ হিরু রিমান্ডের বিরোধিতা করে বলেন, দুই মামলায় তাদের আঠারো দিন জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আর নতুন করে জিজ্ঞাসাবাদের প্রয়োজন নেই।
উভয় পক্ষের শুনানি শেষে তাদের চার দিন রিমান্ডে নেয়ার আদেশ দেন বিচারক।
এর আগে ডেসটিনির রফিকুল আমিন এবং মোহাম্মদ হোসেন স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ডেসটিনির ট্রি-প্লান্টেশন প্রকল্প থেকে ১১শ’ কোটি টাকা স্থানান্তরের কথা স্বীকার করেন।
প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা আত্মসাতের পর পাচারের অভিযোগে গত ৩১ জুলাই রাজধানীর কলাবাগান থানায় এই দুই জনসহ ডেসটিনির ২২ কর্মকর্তার বিরুদ্ধে দুটি মামলা করে দুদক।
ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেশন (এমএলএম) ও ট্রি-প্লান্টেশেন প্রকল্পের নামে গ্রাহকদের কাছ থেকে সংগ্রহ করা অর্থ পাচারের ‘প্রমাণ’ পেয়ে দুদকের উপপরিচালক মো. মোজাহার আলী সরদার ও সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম মুদ্রা পাচার প্রতিরোধ আইনে মামলা দুটি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/২০১১ ঘ.
bdnews24