সিলেট, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সিলেট নগরীর চৌহাট্টায় নির্বাচন নিয়ে মাইক্রোবাস শ্রমিকদের দু’পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে চৌহাট্টা মাইক্রোবাস স্ট্যান্ডে এ সংঘর্ষ হয়।
সিলেট জেলা মাইক্রোবাস সমিতির প্রচার সম্পাদক সালাম আহমদ বলেন, চৌহাট্টা মাইক্রোবাস স্ট্যান্ড কমিটির নির্বাচনের জন্য বর্তমান সভাপতি ওলিউর রহমান ওলিকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়।
নির্বাচনে কারচুপির উদ্দেশ্যে সাবেক সভাপতি আলাউদ্দিন কিছু ভূয়া ভোটার তৈরি করেছেন বলে কয়েকদিন আগে জেলা শাখার কাছে একটি অভিযোগ করেন আহ্বায়ক ওলিউর।
এনিয়ে দুপুরে চৌহাট্টায় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয়।
ওলিউর রহমান বলেন, “ভুয়া ভোটার বিষয়ে অভিযোগ করায় আলাউদ্দিন ও তার ছেলে রাজন আমাদের উপর হামলা চালায়। এতে আমাদের অন্তত ১৫ জন শ্রমিক আহত হন।”
এদের মধ্যে কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।
এদিকে অভিযোগ অস্বীকার করে আলাউদ্দিন বলেন, “সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন ভোটার কার্ড দিয়ে থাকে। তাই ভুয়া ভোটার তৈরির ক্ষমতা আমার নেই।”
ভুয়া ভোটার তৈরির অভিযোগ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ওলির লোকজন তাদের উপর হামলা চালায় বলে তিনি অভিযোগ করেন।
এতে তার পক্ষের অন্তত ৫ জন শ্রমিক আহত হন বলে তিনি জানান।
কোতোয়ালি থানার এসআই হাদিউল ইসলাম বলেন, নির্বাচনকে কেন্দ্র করে ওলিউর রহমান ও আলাউদ্দিন গ্র“পের মধ্যে সংঘর্ষ হয়েছে। তবে এ ঘটনায় কোনো মামলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৯১৭ ঘ.
bdnews24