ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহৃত শিশু পরাগ মণ্ডলকে উদ্ধারের জন্য সরকারে যে পদক্ষেপগুলো নিয়েছে তার প্রশংসা করে ওই শিশুটির পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
কেরানীগঞ্জের এই স্কুলছাত্রকে অপহরণের পর তার সন্ধান চেয়ে করা একটি আবেদনের শুনানিতে বৃহস্পতিবার আদালত এই প্রশংসা করে।
রোববার সকালে অপহরণের পর মঙ্গলবার ফৌজদারি কার্যবিধিতে আবেদনটি হয়, তবে মঙ্গলবার রাতেই পরাগকে উদ্ধার করা হয়।
শুনানিতে হাই কোর্টের দ্বৈত বেঞ্চের জ্যেষ্ঠ বিচারক এএইচএম শামসুদ্দিন চৌধুরী বলেন, “আমি তো আমার জীবনের বড় একটা অংশ ইংল্যান্ডে কাটিয়েছি। সেখানে এভাবে উদ্ধার করা কঠিন। মুক্তিপণের জন্য এভাবে অপহরণের পর উদ্ধারে অনেক সময় অপহৃতের জীবন বিপন্ন হয়ে যায়।”
“চট্টগ্রামের জামালকেও পাওয়া যায়নি, তার কঙ্কাল পরে পাওয়া যায়,” চট্টগ্রামের বিএনপি নেতা জামালউদ্দিন অপহরণের কথা এই প্রসঙ্গে তুলে ধরেন বিচারক।
আদালতের আদেশে বলা হয়, কোনো সন্দেহ ছাড়াই বলা যায়, উদ্ধারের বিষয়টি সহজ ছিল না। সরকার শিশুটিকে উদ্ধারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে। এ বিষয়ে আমরা কোনো উদাসীনতা বা পদক্ষেপের অভাব দেখিনি। সরকার সম্ভব সব ব্যবস্থা নিয়েছে।
অপহরণকারীরা ছেড়ে দেয়ার পর ছয় বছরের পরাগকে পুলিশ ও তার বাবা কেরানীগঞ্জেরই আঁটি বাজারে খুঁজে পায়। র্যাব বলছে, ৫০ লাখ টাকা মুক্তিপণ দিয়ে পরাগকে ছাড়িয়ে আনা হয়।
হাই কোর্ট একটি রুল দিয়েছে। এতে পরাগের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত ব্যবস্থা নেয়ার নির্দেশনা কেন দেয়া হবে না, তা জানতে চাওয়া হয়।
রুল বিবেচনাধীন সময়ে পরাগের পরিবারের নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত ব্যবস্থা নেয়ার নির্দেশও দেয়া হয়েছে।
স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকার জেলা প্রশাসক, র্যাবের মহাপরিচালক, ঢাকা মেট্টোপলিটন পুলিশের কমিশনার, ঢাকা রেঞ্চের পুলিশের উপ-মহাপরিদর্শক, ঢাকার পুলিশ সুপার, কেরানীগঞ্জ দক্ষিণ থানার ওসি, র্যাবের গোয়েন্দা শাখার পরিচালককে ১২ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
আদালতে আবেদনকারী ইউনুস আলী আকন্দ এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার শুনানি করেন।
পরাগকে ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজিরের নির্দেশনা চেয়ে ওই আইনজীবী গত মঙ্গলবার এই আবেদন করেছিলেন। তবে ওই দিনই পরাগ উদ্ধারের পর আবেদন সংশোধন করেন ইউনুস আলী আকন্দ। সংশোধিত আবেদনের শুনানি করেই এই আদেশ দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৮০১ ঘ.
bdnews24