ঢাকা, নভেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকায় কুয়েতের দূতাবাসের একটি কক্ষে আগুন লেগে কার্পেট ও কাগজপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষ থেকে বলা হয়েছে, বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে গুলশান ২ নম্বরে কুয়েত দূতাবাস ভবনের তিন তলার একটি কক্ষে আগুন ধরে। দমকল বাহিনী এসে সোয়া ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোনো হতাহতের ঘটনা হয়নি।
আগুনের ফলে গোটা ভবন ধোঁয়ায় ছেয়ে গেলে দূতাবাসের কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
গুলশান থানার ওসি রফিকুল ইসলাম জানান, দূতাবাস ভবনের তিনতলার একটি কক্ষের ফটোকপি মেশিন থেকে আগুনের সূচনা হয়। আগুনে ওই কক্ষের কার্পেট ও কাগজপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমডি/এসইউ/১৩০৩ ঘ.
bdnews24