ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমিনবাজারে ছয় ছাত্রকে পিটিয়ে হত্যার মামলায় আরো একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন পুলিশ হেফাজতে থাকার পর আমিনবাজারের বরদেশী এলাকার বাসিন্দা সাঈয়্যেদ মেম্বার বুধবার আদালতে জবানবন্দি দেন।
ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক কাজী শহীদুল ইসলাম জবানবন্দি নিয়ে আসামিকে কারাগারে পাঠিয়ে দেন।
জিজ্ঞাসাবাদ শেষে সাঈয়্যেদ মেম্বারকে আদালতে হাজির করান মামলার তদন্ত কর্মকর্তা, ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শরিফ উদ্দিন আহমেদ।
মামলার নথিপত্রে দেখা যায়, এই পর্যন্ত মামলায় ছয়জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
আদালতে প্রসিকিউশন বিভাগের ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “সাইয়্যেদ মেম্বার তার জবানবন্দিতে এই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি বলেছেন, ডাকাত মনে করেই ছাত্রদের পেটানোয় জড়ান তিনি।”
গত বছরের ১৭ জুলাই ভোররাতে আমিনবাজারের বড়দেশী গ্রাম সংলগ্ন কেবলার চরে পিটিয়ে হত্যা করা হয় মিরপুর সরকারি বাংলা কলেজের তিন শিক্ষার্থীসহ ছয় কলেজছাত্রকে।
পরে তদন্তে বেরিয়ে আসে, নিহতরা ডাকাত ছিল না।
নথিপত্রে দেখা যায়, মামলায় এখন পর্যন্ত ১৫ জন গ্রেপ্তার হয়েছেন। এর মধ্যে তিন জন রয়েছেন কারাগারে, ১১ জন রয়েছেন জামিনে। বাকি একজন জামিন নিয়ে পালিয়ে গেছেন।
আগামী ২৯ নভেম্বর এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/২৩৩০ ঘ.
bdnews24