২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রীর ওপর হামলার প্রতিবাদে কর্মসূচি আইনজীবীদের

যুদ্ধাপরাধের বিচারের পক্ষে সক্রিয় থাকায় আইনমন্ত্রী শফিক আহমেদের ওপর হামলা হয়েছে দাবি করে এর প্রতিবাদে আগামী রোববার সারাদেশে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সরকার সমর্থক আইনজীবীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2012, 11:47 AM

Updated : 24 Aug 2022, 12:28 PM

ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের বিচারের পক্ষে সক্রিয় থাকায় আইনমন্ত্রী শফিক আহমেদের ওপর হামলা হয়েছে দাবি করে এর প্রতিবাদে আগামী রোববার সারাদেশে কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে সরকার সমর্থক আইনজীবীরা। মন্ত্রীর গাড়িবহরে ইসলামী ছাত্রশিবিরের হামলার পরদিন বুধবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক প্রতিবাদ সমাবেশ থেকে রোববার ‘প্রতিবাদ দিবস’ পালনের ঘোষণা দেয় ‘সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ’। পরিষদের আহ্বায়ক এম আমীর-উল ইসলাম বলেন, আইনমন্ত্রীর ওপর এই হামলা তাৎক্ষণিকভাবে ঘটেনি, এটা পরিকল্পিত। “শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে যুদ্ধাপরাধীদের যে ‘মক ট্রায়াল’ হয়েছিল, তাতে বিচারক হিসাবে অংশ নিয়েছিলেন ব্যারিস্টার শফিক। পরিকল্পিতভাবেই তার ওপর এই হামলা হয়েছে।” অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, “যুুদ্ধাপরাধীদের বিচার শুরুর পর এর বিরুদ্ধে নানা অপপ্রচার হয়েছে। এর বিরুদ্ধে অনেকেই কথা বলেছে। দেশে-বিদেশে এ সব অপপ্রচার দৃঢ়ভাবে খণ্ডন করেন ব্যারিস্টার শফিক আহমেদ। এ কারণেই এই আক্রমণ।” মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে শিবিরকর্মীদের হামলায় আইনমন্ত্রী অক্ষত থাকলেও ভাংচুর হয় তার বহরের দুটি গাড়ি, আহত হন কয়েকজন পুলিশ সদস্য। এই হামলার প্রতিবাদ এবং যুদ্ধাপরাধের বিচার দাবিতে ভেদাভেদ ভুলে সব আইনজীবীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি আমীর। আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্য বিরোধী দলের উদ্দেশে বলেন, “আমি বিরোধী দলকে বলব, তারা যদি গণতন্ত্রের পক্ষের শক্তি হয়, তাহলে যেন এর প্রতিবাদ জানায়। এটাই তাদের জন্য এসিড টেস্ট। দেখি তারা কী বলে।” সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু আগামী ২৪ ঘণ্টার মধ্যে আইনমন্ত্রীর ওপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। “এদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে কেউ এই ধরনের হামলার সাহস না করে। যে হাত দিয়ে মন্ত্রী ও পুলিশের ওপর হামলা হয়েছে, সেই হাত ভেঙে দিতে হবে।” সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির জ্যেষ্ঠ সহ-সভাপতি কে এম সাইফুদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সম্পাদক মো. মোমতাজ উদ্দিন মেহেদীর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন রোকন উদ্দিন মাহমুদ, আব্দুল বাসেত মজুমদার, ইউসুফ হোসেন হুমায়ুন, এস এম মুনীর, শ ম রেজাউল করিম, সুব্রত চৌধুরী, সানজিদা খানম এমপি, আখতারুল ইসলাম, মো. আজাহার উল্লাহ ভূঁইয়া, সৈয়দ মামুন মাহবুব প্রমুখ। বার কাউন্সিল নির্বাচনকে কেন্দ্র করে বিভেদ দেখা দেয়ার পর এই কর্মসূচিতেই প্রথম সরকার সমর্থক আইনজীবী নেতাদের এক মঞ্চে দেখা যায়। বিভক্তির মধ্যে বার কাউন্সিল নির্বাচনে পরাজিত হয় সরকারপন্থী আইনজীবীরা। এর মাধ্যমে স্বাধীনতার পর প্রথমবারের মত বার কাউন্সিল তাদের হাতছাড়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/১৭৪৪ ঘ.