চট্টগ্রাম, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর সরাইপাড়া এলাকায় প্রতিবেশীর ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নিহত দেলোয়ার হোসেন জন্টু (২৫) ফেনীর পরশুরাম থানার দক্ষিণ গুতোমা এলাকার নুরুল ইসলামের ছেলে।
পাহাড়তলী থানার উপ পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে প্রাণ হরিদাশপুর রোড এলাকার হক সাহেবের বাড়ির সামনে স্ত্রীর সঙ্গে ঝগড়া করে মো. ফারুক চিৎকার করতে থাকে।
এ সময় তার চিৎকার সম্পর্কে জানতে গেলে জন্টুকে ছুরি দিয়ে আঘাত করে ফারুক। এতে ঘটনাস্থলে জন্টুর মৃত্যু হয় বলে এসআই জানান।
এ বিষয়ে নিহত জন্টুর স্ত্রী বিবি কুলসুম বাদি হয়ে পাহাড়তলী থানায় একটি হত্যা মামলা করেছে বলে জানান এসআই মোশারফ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এসইউ/১৪০৪ ঘ.
bdnews24