২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হাসি ফিরেছে স্বজনদের মুখে

অপহৃত পরাগকে ফিরে পেয়ে উদ্বেগ কমেছে স্বজনদের। হাসি ফিরেছে তার বোন পিয়ালির মুখে। কামাল হোসেন তালুকদারের প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2012, 06:31 AM

Updated : 24 Aug 2022, 12:29 PM

কামাল হোসেন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহৃত শিশু পরাগ মণ্ডলকে ফিরে পেয়ে হাসি ফিরে এসেছে কেরানীগঞ্জের শুভাঢ্যার বাড়িতে। উদ্ধারের অনিশ্চয়তায় ফটকে তালা দিয়ে অপেক্ষার প্রহর গোনা স্বজনরা এখন ভারহীন; তারা খোলামেলা কথা বলছেন পাড়া-প্রতিবেশী আর সাংবাদিকদের সঙ্গে। বুধবার জনে জনে নারী-পুরুষ, শিশু আসা যাওয়া করছে ওই বাড়িতে, খোঁজ নিচ্ছে পরাগের। পরাগকে চোখের সামনে থেকে ছিনিয়ে নিতে দেখা বোন পিয়ালি স্বাভাবিক হয়ে এসেছে। গণমাধ্যমকর্মীদের ক্যামেরা দেখে সে আর বিলাপ করছে না, বরং ক্যামেরার সামনে হাসছে। মা-বোনকে গুলি করে অপহরণের তিন দিন পর কেরানীগঞ্জের আঁটিবাজার থেকে উদ্ধার করা হয়েছে স্কুলছাত্র পরাগকে। অপহরণকারীরা মঙ্গলবার রাতে তাকে কেরানীগঞ্জ মডেল থানা এলাকার আঁটিবাজারে রাস্তার পাশে ফেলে রেখে যায়। প্রায় অচেতন অবস্থায় উদ্ধারের পর ছয় বছর বয়সী শিশুটিকে স্কয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে তাকে। পরাগের দাদী সাবিত্রী মণ্ডল রাতে পরাগের সঙ্গে হাসপাতালে কাটিয়ে বাসায় ফিরেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সারা রাত নাতির সঙ্গে ছিলাম। নাতি কোনো কথা বলে নাই।” তিনি জানান, পরাগের দুই হাত দুই পায়ের বাঁধার দাগ ও মুখে স্কচটেপ পেঁচানোর দাগ রয়েছে। বাম হাতে চারটি ইনজেকশন দেয়ার দাগও রয়েছে। তবে তাকে নিয়ে আশঙ্কার কিছু নেই বলে চিকিৎসকরা জানিয়েছেন। পরাগ উদ্ধার হওয়ায় খুশি প্রতিবেশীরাও। পশ্চিম শুভেঢ্যার ষাটোর্ধ্ব মিন্টু মিয়া বলেন, “পরাগের দাদা জীবন মণ্ডলকে আমি ভালভাবে চিনতাম (জীবন মণ্ডল তিন বছর আগে মারা যান); বিমলকেও চিনি। তারা কখনও কারো কোনো ক্ষতি করেনি, সব ধর্মের মানুষ তাদের কাছ থেকে সব ধরনের সুবিধা নিয়েছেন।” “এ পরিবারটি কখনও কাউকে ফেরাতো না। কিছু না কিছু সাহায্য করতো। তাই এই গ্রামে তাদের শুভাকাক্সক্ষীই বেশি”, বলেন মিন্টু। পারভেজ নামে এক যুবক বলেন, “এখন আমরা পরাগকে দেখার জন্য মুখিয়ে আছি।” গত রোববার সকালে স্কুলে যাওয়ার পথে মা লিপি মণ্ডল, বোন পিনাকি মন্ডল ও গাড়িচালক নজরুল ইসলামকে গুলি করে শুভাড্যা বাংলাবাজার হিড ইন্টারন্যাশনাল স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র পরাগকে (৬) তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরাগের বোন পিনাকি হাসপাতাল থেকে বাড়ি ফিরলেও তাদের মা লিপি মণ্ডল (৩৩) এখনো বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন। গাড়িচালক নজরুলও মিটফোর্ড হাসপাতালে ভর্তি রয়েছেন। র‌্যাবের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, ৫০ লাখ টাকা মুক্তিপণ দিয়ে পরাগকে ছাড়ানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১২২৫ ঘ.