ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর নিকুঞ্জে ভবন নির্মাণে আইন লঙ্ঘনের দায়ে বেস্ট হোল্ডিং নামে একটি নির্মাণ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
অধিদপ্তরের অনুমোদন ছাড়াই ওই বহুতল ভবনটি ব্লু মেরিডিয়ান নামে পাঁচ তারকা হোটেলে রূপান্তর করা হয়েছে।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী মঙ্গলবার ভবনের ব্যবস্থাপনা পরিচালক আমিন আহমেদকে এ জরিমানা করেন।
বুধবার অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০০৫ সালে পরিবেশ অধিদপ্তরের অবস্থানগত ছাড়পত্র নেয় ভবন কর্তৃপক্ষ। তবে পরবর্তীতে অবহিত না করেই ভবনের কয়েকটি ফ্লোরে নির্মাণ করা হয় পাঁচ তারকা হোটেল।
এ ধরনের অনিয়ম পরিবেশ আইনের মারাত্মক লঙ্ঘন বলে জানিয়েছেন মুনীর চৌধুরী।
তিনি বলেন, “বহুতল ভবনটির খোলা জায়গায় মাটি ফেলে বৃক্ষ রোপণ করে সবুজায়ন, পৃথক স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট নির্মাণ ও বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা চালুসহ আন্তর্জাতিক হোটেলের জন্য পরিবেশসম্মত ব্যবস্থাপনা বাস্তবায়নের নির্দেশ দেয়া হয়েছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএল/১৬৪৩ ঘ.
bdnews24