ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাবার পক্ষে সাক্ষ্য দিতে দাঁড়িয়ে নিজের বক্তব্যের খুঁটিনাটি সারতেই মঙ্গলবার দিন পার করে দিয়েছেন গোলাম আযমের ছেলে আবদুল্লাহিল আমান আযমী।
জামায়াতের মুক্তিযুদ্ধকালীন আমিরের সাফাই সাক্ষী হিসেবে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে প্রথম ব্যক্তি হিসেবে সোমবার সাক্ষ্য দেয়া শুরু করেন সাবেক সেনা কর্মকর্তা আযমী।
মঙ্গলবার সাক্ষ্যের সময় প্রায় দুঘণ্টা ধরে তিনি নিজের জবানবন্দির প্রায় ৮০টি তথ্যগত, বানান ও ভাষাগত ভুলের সংশোধনী আনেন।
এসময় আসামি পক্ষের আইনজীবী, প্রসিকিউটর, দর্শনার্থী, সাংবাদিক এমনকি আদালতের কর্মকর্তাদের অনেককেই ঘুমিয়ে পড়তে দেখা যায়।
ট্রাইব্যুনালে সাক্ষ্যে ৩০ বছরের সামরিক জীবনে সেনাবাহিনীর বিভিন্ন পদে দায়িত্ব পালন করা আযমীর সামরিক বাহিনী, গোলাম আযমের জীবন ও রাজনীতি, বাংলাদেশের ভূ-কৌশলগত অবস্থানসহ এর সঙ্গে ভারতের সম্পর্ক ও কিছু বিষয়ে দলিলাদি উপস্থাপন করছেন আযমী।
মঙ্গলবার বেশির ভাগ সময়ে তিনি হাইফেন বসানো, সেকেন্ড লেফটেন্যান্টের মতো বানানগুলো সংশোধন, অতিরিক্ত অক্ষর তুলে দেয়াসহ নানা ধরনের ছোট খাট সংশোধনী এনে পার করেন।
তার ব্যবহার করা ইংরেজির কিছু টেকনিক্যাল শব্দ ও আদালতের টাইপ করা বাংলা নথির কারণে সমস্যাটি জটিল হয়।
আযমী তার বিবৃতিতে তথ্যগত, ব্যাকরণগত ও বানান ভুল রয়েছে উল্লেখ করে তা সংশোধনের অনুমতি চেয়ে সোমবার আদালতে আবেদন করেন।
ট্রাইব্যুনাল বিচারপতি নিজামুল হক বলেন, নিজের বিবৃতি সঠিকভাবে তৈরি হয়নি এটা বলার অধিকার একজন সাক্ষীর আছে।
“আমরা এসমস্ত সংশোধনীগুলো গ্রহণ করবো। কারণ তা সাক্ষীর অধিকারের মধ্যে পড়ে। তবে আমি কৌঁসুলি ও আসামি পক্ষের আইনজীবীদের বলবো তারা তাদের দায়িত্ব পালন করছেন কি না।”
আসামি পক্ষের আইনজীবীদের বেশি কথা বলতে সুযোগ না দিয়ে ট্রাইব্যুনালের আরেক বিচারক জাহাঙ্গীর হোসেন আসামি পক্ষের আইনজীবীদের উদ্দেশ্যে বলেন, “অবশ্যই না! এটা খুবই দুর্ভাগ্যজনক যে আপনারা ঠিকমতো কাজ না করায় ট্রাইব্যুনাল প্রশ্নের সম্মুখীন হচ্ছে।”
তিন সদস্যের ট্রাইব্যুনালের অন্য বিচারক আনোয়ারুল হক বলেন, আসামি পক্ষের আইনজীবী, প্রসিকিউটর, অভিযুক্তরা সবাই তাদের মনিটরে বিচারকের নোট দেখতে পারেন।
“গতকাল জবানবন্দি দেয়ার সময় প্রসিকিউশন ও আসামিপক্ষের উভয়ের সামনেই কম্পিউটরের মনিটর ছিল। ভুলত্রুটি সংশোধন করার থাকলে গতকালই তা করা যেত।”
সংশোধনের পর এটাকে একটা অভূতপূর্ব অভিজ্ঞতা উল্লেখ করে প্রসিকিউটর সুলতান মাহমুদ বলেন, “এই প্রথম আমি এরকম কিছু একটা হতে দেখলাম। এই সংশোধন কি উল্লেখযোগ্য কোনো পরিবর্তন এনেছে?”
গোলাম আযমের বিরুদ্ধে মামলা পরিচালনাকারী প্রসিকিউটর জেয়াদ আল মালুম বলেন, “আদালতের এই উদারতা কী বার্তা বহন করে?”
ট্রাইব্যুনালের চেয়ারম্যান উত্তর দেন, “এর অর্থ শুধু এটাই যে, ট্রাইব্যুনাল সাক্ষীদের ইচ্ছা ও অনুভূতিকে মূল্য দেয়।”
তবে এই সুযোগ আর দেয়া হবে না জানিয়ে তিনি আসামি পক্ষের আইনজীবীদের এই বিষয়ে দৃষ্টি রাখতে বলেন।
দিন শেষে আযমীকে তার সাক্ষ্য আরেকটু সংক্ষিপ্ত করতে বলে বিচারক বলেন, “আমরা মনে করি আপনি আপনার সাক্ষ্য একটু বিস্তৃত করে ফেলছেন।”
এবিষয়ে সাক্ষী সম্মত হলে ট্রাইব্যুনাল আসামি পক্ষকে রোববার আরো সাক্ষী হাজির রাখতে বলেন। এরপর রোববার পর্যন্ত শুনানি মুলতবি করা হয়।
গোলাম আযমের বিরুদ্ধে জব্দ তালিকার ৭ সাক্ষীসহ রাষ্ট্রপক্ষের মোট ১৬ জন সাক্ষীর সাক্ষ্য নেয়ার পর আযমীর সাক্ষ্য নেয়ার মধ্য দিয়ে সাফাই সাক্ষ্য নেয়া শুরু হয়।
মানবতাবিরোধী ৫ ধরনের অপরাধের ৬১টি অভিযোগে গত ১৩ মে গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। ১ জুলাই থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হয়।
গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগগুলো হল- মানবতাবিরোধী অপরাধের পরিকল্পনা, ষড়যন্ত্র, উস্কানি, পাকিস্তানি সেনাদের সাহায্য করা এবং হত্যা-নির্যাতনে বাধা না দেয়া।
অভিযোগগুলোর মধ্যে পাকিস্তানি হানাদার বাহিনীকে সহায়তা ও তাদের সঙ্গে ষড়যন্ত্র করার জন্য ছয়টি, তাদের সঙ্গে পরিকল্পনার তিনটি এবং উস্কানি দেয়ার ২৮টি এবং তাদের সঙ্গে সম্পৃক্ততার ২৪টি অভিযোগ রয়েছে।
ট্রাইব্যুনালে প্রসিকিউশনের জমা দেয়া আনুষ্ঠানিক অভিযোগপত্রে গোলাম আযমের বিরুদ্ধে মোট ৬২টি অভিযোগ উপস্থাপন করা হয়। এর মধ্যে ৬১টি গ্রহণ করে গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল।
২০১১ সালের ৩১ অক্টোবর গোলাম আযমের বিরুদ্ধে তদন্ত শেষ করে তদন্ত কর্মকর্তারা। পরে মোট ৩৬০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনের পাশাপাশি ১০ হাজার পৃষ্ঠার নথিপত্র সংযুক্ত করে ট্রাইব্যুনালের কাছে তদন্ত প্রতিবেদন জমা দেয় প্রসিকিউশন।
গত ১১ জানুয়ারি গোলাম আযমকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালের নির্দেশে গ্রেপ্তার করা হয়।
পরে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়। পরে চিকিৎসার জন্য তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কারা প্রিজন সেলে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার বিচার চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এইচএএইচ/এমআই/২৩১৮ ঘ.
bdnews24