রাজশাহী বিশ্ববিদ্যালয়, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্র শিবিরের সদস্য সন্দেহে সোমবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলের বেশ কয়েকজন শিক্ষার্থীকে বেদম পিটিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা।
ভুক্তভোগীরা মঙ্গলবার এ ঘটনা হল প্রশাসনকে জানালেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলে তারা অভিযোগ করেন।
কয়েকদিন আগেও একইভাবে কয়েকজন শিক্ষার্থীকে ছাত্রলীগ নির্যাতন করে বলে অভিযোগ রয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবাসিক হলের শিক্ষার্থীরা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিবির ক্যাডাররা অবস্থান করছে এই সন্দেহে সোমবার হলের প্রধান ফটক বন্ধ করে রাতভর সবগুলো কক্ষে তল্লাশি চালায় ছাত্রলীগ নেতাকর্মীরা।
এ সময় কয়েকজন শিক্ষার্থীকে মারধর করা হয় বলে তারা অভিযোগ করেন। মারধরের একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আল-আমিন গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা নাম প্রকাশ না করার শর্তে জানান, আল-আমিনকে শিবির সন্দেহে বঙ্গবন্ধু হলের ছাত্রলীগ নিয়ন্ত্রিত ২৩১ নম্বর কক্ষে নিয়ে তারা হকিস্টিক ও রড দিয়ে পেটায়। এ সময় তার চিৎকার যাতে কেউ শুনতে না পায় সেজন্য কম্পিউটারে স্পিকার লাগিয়ে উচ্চশব্দে গান বাজানো হয়।
ছাত্রলীগের বহিষ্কৃত সহ-সভাপতি ও অছাত্র আখেরুজ্জামান তাকিম, সহ-সভাপতি মুশফিকুর রহিম সোহেল, সাংগঠনিক সম্পাদক সুদীপ্ত সালাম, পরিবেশ বিষয়ক সম্পাদক রাহাজুল আমিন হৃদয়, বেলাল হোসেন বিল, রাঞ্জু আহমেদসহ ২৫-৩০ জনের একটি দল প্রতিটি কক্ষে গিয়ে পড়ার টেবিল ও আলমারিতে তল্লাশি চালায় বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।
ঘটনার সত্যতা স্বীকার করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ ড. এস এ হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ছাত্রলীগকে হল তল্লাশির কোনো দায়িত্ব দেয়া হয়নি।
শিক্ষার্থীদের অভিযোগ সত্ত্বেও কেন ব্যবস্থা নেয়া হয়নি- এই প্রশ্ন করা হলে কোনো মন্তব্য করতে রাজি হননি প্রাধ্যক্ষ।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি আহমেদ আলী মারধরের অভিযোগ অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিবির ক্যাডাররা যাতে ধ্বংসাত্মক কোনো তৎপরতা চালাতে না পারে সেজন্য ছাত্রলীগ হলে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২২৪৬ ঘ.
bdnews24