ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সমালোচনার মুখে বেসরকারি বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তিতে সংসদ সদস্যদের জন্য কোটা রাখার সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জানান, প্রধানমন্ত্রীর পরামর্শ নিয়ে ‘সাংসদ কোটা’ না রেখেই ভর্তির নতুন নীতিমালা জারি করা হয়েছে।
তিনি বলেন, “যেহেতু ৩৫০ জন সংসদ সদস্য এর সঙ্গে জড়িত, তাই এ বিষয়টি নিয়ে আমরা প্রধানমন্ত্রীর মতামত নিয়েছি। তিনি বলেছেন, এভাবে কোটা দেয়া ঠিক হবে না। আমরাও এমপিদের জন্য আলাদা কোটা রাখা ঠিক হবে না বলে মনে করছি।”
একইভাবে প্রবাসীদের সন্তানদের জন্য দুই শতাংশ, শিক্ষা বোর্ড এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মকর্তাদের সন্তানদের জন্য এক শতাংশ কোটা রাখার উদ্যোগ নেয়া হলেও চূড়ান্ত নীতিমালায় তা স্থান পায়নি।
শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বেসরকারি বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি নিয়ে গত রোববার শিক্ষা মন্ত্রণালয়ের এক সভার পর শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী জানান, ভর্তির ক্ষেত্রে সংসদ সদস্যদের জন্য দুই শতাংশ কোটা চালু করতে নীতিমালা সংশোধন করার সিদ্ধান্ত হয়েছে।
এই খবর গণমাধ্যমে আসার পর ব্যাপক প্রতিক্রিয়া হয়। শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরাও এ উদ্যোগের বিরোধিতা করেন।
দুটি মানবাধিকার সংগঠন সোমবার ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে হাই কোর্টে রিট আবেদন করে। ওই আবেদনের শুনানি না করলেও হাই কোর্ট জানায়, সরকার কোটার বিষয়টি চূড়ান্ত করলে আদালত ‘হস্তক্ষেপ’ করবে।
কোটা রেখে সোমবারই সংশোধিত নীতিমালা জারির কথা থাকলেও শিক্ষাসচিব এদিন সাংবাদিকদের বলেন, শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশের ভিত্তিতেই কোটা দেয়ার বিষয়ে রোববার আলোচনা হয়েছিল। তবে মন্ত্রণালয়ের ভাবমূর্তি ‘ক্ষুণœ’ হয় এমন কোনো সিদ্ধান্ত সরকার নেবে না।
বেসরকারি বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তিতে আগের বছরের নীতিমালা পর্যালোচনা করে প্রতি বছরই নতুন নীতিমালা জারি করে শিক্ষা মন্ত্রণালয়।
এবারো প্রথম শ্রেণিতে লাটারিতে ভর্তি
এবারের নীতিমালায় বলা হয়েছে, আসন শূন্য থাকা সাপেক্ষে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা যাবে।
প্রথম শ্রেণীতে ভর্তির জন্য আগামী ১ জানুয়ারি শিক্ষার্থীর বয়স হতে হবে ৫ থেকে ৭ বছরের মধ্যে। প্রথম শ্রেণিতে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করতে হবে লাটারির মাধ্যমে। ভর্তি কমিটির সদস্যদের উপস্থিতিতে ‘স্বচ্ছতার সঙ্গে’ লাটারির কার্যক্রম সম্পন্ন করতে হবে।
নীতিমালায় বলা হয়, লাটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীর পাশাপাশি একটি ‘অপেক্ষমান তালিকা’ প্রস্তুত করতে হবে। নির্ধারিত তারিখে নির্বাচিত শিক্ষার্থী ভর্তি না হলে অপেক্ষমান তালিকা থেকে পর্যায়ক্রমে ভর্তির ব্যবস্থা করতে হবে।
তবে দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করতে হবে লিখিত পরীক্ষার মাধ্যমে মেধাক্রম অনুসারে। আর নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি হবে জেএসসির ফলের ভিত্তিতে।
দ্বিতীয় ও তৃতীয় শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে ৫০ নম্বরের ভিত্তিতে এক ঘণ্টার পরীক্ষা হবে। আর চতুর্থ থেকে অষ্টম শ্রেণিতে দুই ঘণ্টায় একশ নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে।
শূন্য আসনের সংখ্যা উল্লেখ করে জাতীয় ও স্থানীয় পত্রিকায় ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে বলেও নীতিমালায় উল্লেখ করা হয়।
বাড়ল ভর্তি ফরমের দাম
এবার ঢাকা মহানগর এলাকায় আংশিক এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ভর্তি ফরমের দাম নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ২০০ টাকা। আর ঢাকা মহানগর এলাকার সম্পূর্ণ এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে জন্য ভর্তি ফরমের দাম দেড়শ টাকা।
গত বছর সব শিক্ষা প্রতিষ্ঠানেই ভর্তি ফরমের দাম একশ টাকা ছিল।
শিক্ষামন্ত্রী বলেন, ঢাকার স্কুল প্রধানদের আবেদনের প্রেক্ষিতেই এবার ঢাকা মহানগরী এলাকার বিদ্যালয়গুলোতে ভর্তি ফরমের দাম বাড়ানো হয়েছে।
তবে ঢাকা মহানগর এলাকা ছাড়া দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তি ফরমের দাম একশ টাকা রাখা হয়েছে।
ভর্তি ফি
নীতিমালায় ‘মফস্বল’ এলাকার জন্য সেশন চার্জসহ ভর্তি ফি সর্বোচ্চ পাঁচশ টাকা, উপজেলা পর্যায়ের পৌর এলাকায় এক হাজার, জেলা সদরের পৌর এলাকায় দুই হাজার এবং ঢাকা ছাড়া অন্য সব মেট্রোপলিটন এলাকায় জন্য তিন হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ঢাকা মেট্রোপলিটন এলাকায় এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা, আংশিক এমপিওভুক্ত প্রতিষ্ঠানে আট হাজার টাকা এবং ইংরেজি মাধ্যমের স্কুলে শিক্ষার্থী ভর্তির জন্য সর্বোচ্চ ১০ হাজার টাকা নেয়া যাবে বলে নীতিমালায় উল্লেখ করা হয়।
নীতিমালা অনুযায়ী, ভর্তির সময় ‘উন্নয়ন খাতে’ কোনো প্রতিষ্ঠানই তিন হাজার টাকার বেশি নিতে পারবে না। রাজধানীর বিদ্যালয়গুলোতে এই উন্নয়ন খাতের কথা বলে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।
ভর্তি ফরম এবং ভর্তি ফি বাবদ সরকার নির্ধারিত অর্থের অতিরিক্ত আদায় করলে এমপিও বাতিলসহ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে নীতিমালায় সতর্ক করে দেয়া হয়েছে।
কোটায় ভর্তি
শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের ভর্তির জন্য কেবল ঢাকা মহানগর এলাকার বেসরকারি বিদ্যালয়ে ন্যূনতম যোগ্যতা থাকা সাপেক্ষে দুই শতাংশ কোটা সংরক্ষিত থাকবে। তবে আবেদন জমা দেয়ার আগে মন্ত্রণালয় থেকে প্রত্যয়নপত্র নিতে হবে।
এবারো মুক্তিযোদ্ধাদের ছেলে-মেয়ে এবং নাতি-নাতনিদের ভর্তির জন্য পাঁচ শতাংশ কোটা সংরক্ষিত রাখা হয়েছে। এছাড়া প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য রাখা হয়েছে দুই শতাংশ কোটা।
কোনো শিক্ষার্থীর যমজ ভাই বা বোন থাকলে তাদের ভর্তির ক্ষেত্রে আসন শূন্য থাকা সাপেক্ষে অগ্রাধিকার দিতে হবে। তবে এই সুবিধা কোনো দম্পতির সর্বোচ্চ দুই সন্তানের ক্ষেত্রে প্রযোজ্য হবে বলে নীতিমালায় উল্লেখ করা হয়েছে।
সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী এবং পরিচালনা পর্যদের সদস্যদের সন্তানদের ‘ন্যূনতম যোগ্যতা থাকা সাপেক্ষে’ ভর্তির সুযোগ দেয়া হবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।
তদারকি কমিটি
ঢাকা মহানগরী এলকায় ভর্তি কার্যক্রম তদারকির জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালককে আহ্বায়ক করে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
এছাড়া জেলা পর্যায়ে জেলা প্রশাসককে আহ্বায়ক করে এবং উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আহ্বায়ক করে ভর্তি কার্যক্রম তদারকি করতে আলাদা দুটি কমিটি করতে বলা হয়েছে
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/১৯০০ ঘ.
bdnews24