ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিয়ম ভেঙে হল-মার্ক গ্রুপকে ঋণ দেয়ার ঘটনায় সোনালী ব্যাংকের আরো কিছু কর্মকর্তার জড়িত থাকার আভাস দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব ফয়জুর রহমান চৌধুরী।
মঙ্গলবার দুদকের এক ব্রিফিংয়ে তিনি বলেন, “এ পর্যন্ত যতটুকু তদন্ত হয়েছে তাতে সোনালী ব্যাংক কর্মকর্তাদের দায়িত্বে অবহেলার কারণেই এ ঘটনা হয়েছে বলে দেখা যাচ্ছে।
“যাদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে আসামির তালিকায় তাদের নাম আসবে।”
দুদক সচিব জানান, সোনালী ব্যাংক থেকে সরাসরি ঋণের মাধ্যমে অর্থ সরানোয় দুদক ২৭ জনকে আসামি করে ১১টি মামলা করেছে। এসব মামলার আসামির মধ্যে ২০ জনই সোনালী ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তা।
নিয়ম ভেঙে ঋণ নেয়ার মাধ্যমে ২০১০ সালের জুন থেকে ২০১২ এর মার্চ পর্যন্ত সময়ে একাধিক ব্যাংক শাখা থেকে মোট ৩ হাজার ৬০৬ কোটি টাকা সরানোর অভিযোগ রয়েছে হল-মার্কসহ একাধিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এর মধ্যে হল-মার্ক গ্রুপ সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে দেড় হাজার কোটি টাকা এবং সোনালী ব্যাংকে খোলা এলসি দেখিয়ে আরো কয়েকটি ব্যাংক থেকে এক হাজার একশ’ কোটি টাকা তুলে নেয়।
বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এ বিষয়টি উঠে এলে তা নিয়ে দেশজুড়ে ব্যাপক তোলপাড় শুরু হয়।
বিষয়টি খতিয়ে দেখতে উপপরিচালক মীর জয়নুল আবেদিন শিবলীর নেতৃত্বে দুদকের ছয় সদস্যের একটি বিশেষ দল তদন্ত শুরু করে। সোনালী ব্যাংক রূপসী বাংলা শাখা এবং প্রধান কার্যালয়ের কর্মকর্তাসহ মোট ৫১ জনকে জিজ্ঞাসাবাদ করেন তারা।
অর্থ কেলেঙ্কারির ঘটনায় এ পর্যন্ত ২৭ জনের বিরুদ্ধে ১১টি মামলা করেছে দুদক। এসব মামলায় হল-মার্ক চেয়ারম্যান জেসমিন ইসলাম, তার স্বামী ও কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ, মহা ব্যবস্থাপক তুষার আহমেদ এবং সোনালী ব্যাংকের রূপসী বাংলা হোটেল শাখার ব্যবস্থাপক এ কে এম আজিজুর রহমানকে ইতোমধ্যে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন দুদক কর্মকর্তার।
সোনালী ব্যাংকে খোলা এলসির মাধ্যমে অন্য ব্যাংক থেকে অর্থ তুলে নেয়ার তদন্ত চলছে বলেও জানান দুদক সচিব।
নতুন তদন্তে সোনালী ব্যাংকের কতজন কর্মকর্তা জড়িত থাকতে পারে জিজ্ঞেস করা হলে ফয়জুর রহমান বলেন, তদন্ত কাজ শেষ হলেই তাদের নাম জানানো হবে।
এছাড়া সোনালী ব্যাংকের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার দত্তের বিরুদ্ধে আর্থিক অনিয়মের একটি তদন্ত চলছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এমডি/এইচএ/১৭৩৫ ঘ.
bdnews24