ঢাকা, নভেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কেরানীগঞ্জ থেকে অপহৃত স্কুলশিশু পরাগ মণ্ডলকে ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধারের নির্দেশনা চেয়ে হাই কোর্টে একটি আবেদন করা হয়েছে।
সুপ্রিম কোর্টের আইনজীবী ড. মো. ইউনুস আলী আকন্দ মঙ্গলবার ফৌজদারি কার্যবিধিতে এই আবেদন করেন।
ইউনুস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে বিভিন্ন পত্রিকার কাটিং নিয়ে আমি বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি ফরিদ আহমেদের বেঞ্চে গিয়ে স্বতঃপ্রণোদিত আদেশ চেয়েছিলাম। আদালত একটি আবেদন নিয়ে আসতে বলায় ফৌজাদারি কার্যবিধিতে এই আবেদন করে সংশ্লিষ্ট শাখায় জমা দিয়েছি।”
বুধবার ওই বেঞ্চে আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করা হবে বলে জানান এই আইনজীবী।
আবেদনে বাদী হিসাবে নাজিম আহাম্মেদ নামে এক সাংবাদিকের নাম উল্লেখ করা হয়েছে।
ইউনুস আলী বলেন, “এটি মূলত ফৌজাদারি কার্যবিধির ৪৯১ ধারায় করা একটি হেবিয়াস কর্পাস আবেদন।”
স্বরাষ্ট্র সচিব, ঢাকার জেলা প্রশাসক, র্যাবের মহাপরিচালক, পুলিশের মহাপরিদর্শক, পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজ ও ঢাকার এসপি, মহানগর পুলিশের কমিশনার ও কেরানীগঞ্জ থানার ওসিকে এতে বিবাদী করা হয়েছে।
শুভাড্যা বাংলাবাজার হিড ইন্টারন্যাশনাল স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র পরাগকে ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধারে বিবাদীদের প্রতি নির্দেশনা চেয়েছেন বাদী। একইসঙ্গে শিশুটিকে কেন নিরাপদে আদালতে হাজির করার নির্দেশনা দেয়া হবে না- এই মর্মে রুল জারির আবেদন করা হয়েছে।
গত রোববার সকালে স্কুলে যাওয়ার পথে মা লিপি মণ্ডল, বোন পিনাকি মন্ডল ও গাড়িচালক নজরুল ইসলামকে গুলি করে ছয় বছর বয়সী পরাগকে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা।
পিনাকি হাসপাতাল থেকে বাড়ি ফিরলেও পরাগের মা লিপি মণ্ডল এখনো বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন। গাড়িচালক নজরুলও মিটফোর্ড হাসপাতালে ভর্তি রয়েছেন।
মঙ্গলবার দুপুর পর্যন্ত শিশুটির কোনো খোঁজ জানাতে পারেনি পুলিশ। মুক্তিপণ চেয়ে তার পরিবারের সঙ্গে কেউ যোগাযোগও করেনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৭২৫ ঘ.
bdnews24