২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামলার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ

হত্যা মামলায় ঢোকানোর ভয় দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে ৭০ হাজার টাকা আদায়ের অভিযোগ উঠেছে সাভার থানার এক উপ-পরিদর্শকের (এসআই) বিরুদ্ধে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2012, 10:54 AM

Updated : 24 Aug 2022, 12:28 PM

সেলিম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি সাভার, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হত্যা মামলায় ঢোকানোর ভয় দেখিয়ে এক ব্যক্তির কাছ থেকে ৭০ হাজার টাকা আদায়ের অভিযোগ উঠেছে সাভার থানার এক উপ-পরিদর্শকের (এসআই) বিরুদ্ধে। এমদাদুল হক নামের এই এসআই-এর বিরুদ্ধে এর আগেও এক ব্যবসায়ীকে থানায় এনে নির্যাতন ও মামলায় ফাঁসানোর হুমকি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। উপজেলার ভাকুর্তা ইউনিয়নের সলমাশী এলাকার বাসিন্দা জিন্নাহ মিয়া অভিযোগ করেন, গত ৪ নভেম্বর রাত দেড়টার দিকে এসআই এমদাদুল তাদের বাড়ি গিয়ে তাকে এবং তার ছেলে রিপনকে (২০) ঘুম থেকে তুলে ঘরে ফেনসিডিল আছে বলে তল্লাশি শুরু করেন। কিছু না পেলেও তাদের দু’জনকে পুলিশের গাড়ি তুলে ঘণ্টাখানেক বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করেন। এরপর তাদের কাছে এক লাখ টাকা দাবি করেন এমদাদ। টাকা না দিলে তাদের দু’জনকে হত্যা মামলায় ফাঁসিয়ে দেয়ারও ভয় দেখান। তিনি আরো বলেন, পুলিশের মিথ্যা মামলা থেকে বাঁচতে এই এসআইকে ৫০ হাজার টাকা দিলে তাকে ছেড়ে দেয়া হয়। তবে তার ছেলেকে আটকে রেখে আরো ৫০ হাজার টাকা দবি করেন। পরে আরো ২০ হাজার টাকা দিয়ে তিনি ছেলেকে ছাড়িয়ে আনেন। জিন্নাহ মিয়া বলেন, “এই টাকা আমার বাবার চেহলামের জন্য জমিয়েছিলাম। ৯ নভেম্বর চেহলাম ছিল।” এসআই এমদাদুল হক প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরে বিষয়টি স্বীকার করেন। তবে বিষয়টি প্রকাশ না করার অনুরোধ করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে। সাভার মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এসআই এমদাদুল তাকেও কিছু টাকা দিয়েছে। তবে এটা যে চেহলামের টাকা তা জানা ছিল না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৬২৪ ঘ.