নারায়ণগঞ্জ, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের কাঁচপুরে বাসচাপায় সিনহা গ্রুপের এক নারী শ্রমিক নিহতের ঘটনায় ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ ও যানবাহনে ভাংচুর চালিয়েছে শ্রমিকরা।
রোববার রাত ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের সময় প্রায় ১০-১২টি গাড়ি ভাংচুর করা হয়।
পরে ক্ষতিপূরণের আশ্বাসে রাত ৯টায় অবরোধ তুলে নেয়া হয় বলে শিল্প পুলিশ জানিয়েছে।
ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নারায়ণগঞ্জ শিল্প পুলিশ-৪ এর পরিচালক মাহবুব আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিনহা অ্যান্ড ওপেক্স গ্রুপ (গার্মেন্টস) ছুটি হলে শ্রমিকরা রাস্তা পার হচ্ছিল। এসময় ঢাকাগামী মোজাদ্দেদ টান্সপোর্টের একটি বাস গার্মেন্টসকর্মী নুপুরকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।
“নুপুরের নিহত হওয়ার খবরে সিনহা গ্রুপের হাজার হাজার শ্রমিক রাস্তায় নেমে এসে অবরোধ সৃষ্টি করে। তারা ১০-১২টি গাড়ি ভাংচুর করে।”
শ্রমিকরা বাস চালক জাহাঙ্গীরকে (৩৫) পালিয়ে যাওয়ার সময় ধরে পুলিশে দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/০০২৫ ঘ.
bdnews24