ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিকিৎসক নেতা ডা. নারায়ণ চন্দ্র দত্ত নিতাই হত্যা মামলার অন্যতম আসামি মোহাম্মদ হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য ছয় দিনের পুলিশ হেফাজতের অনুমতি দিয়েছে আদালত।
রোববার মামলার তদন্ত কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক গাজী আতাউর রহমান আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের হেফাজতের আবেদন করেন।
শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম রেজাউল করিম ছয় দিনের পুলিশ হেফাজতের আদেশ দেন বলে আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক ফরিদ মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।
মোহাম্মদ হোসেনকে শনিবার ভোরে মুন্সীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। আসামি হোসেনের পক্ষে আদালতে কোনো আইনজীবী দাঁড়াননি।
এর আগে এ মামলায় নয়জন হত্যাকাণ্ডের কথা স্বীকার করে বিচারকের কাছে জবানবন্দি দিয়েছেন।
এরা হলো- পেদা মাসুম, ফয়সাল, সাইদুর, পিচ্ছি কালাম, মিন্টু ওরফে বারঘরিয়া পিন্টু, কামরুল হাসান অরুণ, রফিকুল, বকুল ও সাইদ।
জবানবন্দিতে রফিকুল ও মিন্টু বিচারককে জানিয়েছিল, ডা. নিতাইয়ের বুকে ছুরি মারে হোসেন বাবু ও মিন্টু।
পুলিশ জানায়, একটি গাড়ি চুরির মামলায় কারাগারে থাকার সময় নিতাইয়ের গাড়ি চালক কামরুল ইসলাম অরুণের সঙ্গে রফিকুল ও বকুলের পরিচয় হয়। রফিকুল ও বকুল হত্যা মামলার আসামি। ডা. নিতাইয়ের বাসা থেকে সোনা ও টাকা চুরির পরিকল্পনার কথা অরুণ তাদেরকে জানায়।
গত ২৩ অগাস্ট মহাখালী বক্ষব্যাধি হাসপাতালের আবাসিক এলাকায় নিজ বাড়িতে খুন হন বিএমএ কেন্দ্রীয় কমিটির সদস্য এবং স্বাচিপ নেতা নারায়ণ চন্দ্র দত্ত নিতাই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএএইচ/এমআই/১৯৫৬ ঘ.
bdnews24