চট্টগ্রাম. নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওজনে কারচুপির অভিযোগে চট্টগ্রামের পাঁচটি পেট্রোল পাম্পের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিএসটিআই।
চট্টগ্রামের মহানগর মুখ্য হাকিম (সিএমএম) আদালতে রোববার মামলাগুলো দায়ের করা হয়।
এর আগে শনিবার সকালে বিএসটিআই’র বিশেষ অভিযানে তেল পরিমাপে কারচুপির বিষয়টি ধরা পড়ে।
বিএসটিআই’র উপ-পরিচালক প্রকৌশলী এস,এম ইসহাক আলী স্বারক্ষিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় নগরীর দামপাড়া, নাসিরাবাদ ও আতুরার ডিপো এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে সাতটি পেট্রোল পাম্পের ১৯টি ডিসপেন্সিং ইউনিটের তেল সরবরাহ পরীক্ষা করা হয় এবং পাঁচটির মধ্যে ওজন কারচুপির বিষয় ধরা পড়ে।
ওই পাঁচ পেট্রোল পাম্পের মধ্যে রয়েছে- দামপাড়া এস এইচ খান অ্যান্ড সন্স পেট্রোল পাম্প, চিটাগাং পুলিশ ইন্সটিটিউশন পেট্রোল পাম্প, নাসিরাবাদের আলহাজ ফয়েজ আহম্মদ অ্যান্ড সন্স, এম আলম সিএনজি ফিলিং স্টেশন, আতুরার ডিপো এলাকার আমিন জুট মিল ফিলিং স্টেশন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ইউএস/এএল/১৭২৪ ঘ.
bdnews24