২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনিকোড ফন্ট তৈরিতে বাংলা একাডেমীর উদ্যোগ

প্রচলিত ইউনিকোড ফন্টে যুক্তবর্ণ ব্যবহারসহ বিভিন্ন ক্ষেত্রে অসুবিধা হওয়ায় এ উদ্যোগ নেওয়া হয়েছে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2012, 11:22 AM

Updated : 24 Aug 2022, 12:27 PM

ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইউনিকোডে প্রমিত বাংলা ফন্ট তৈরি করার উদ্যোগ নিয়েছে সরকার। বাংলা একাডেমীর উদ্যোগে ‘আমার বর্ণমালা’ নামের এই ফন্ট তৈরি করা হবে বলে রোববার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এতে বলা হয়, বর্তমানে দেশে কম্পিউটারে ব্যবহারের ক্ষেত্রে একাধিক বাংলা ফন্ট থাকলেও সেগুলো বাংলা একাডেমীর অনুমোদন ছাড়া তৈরি হয়েছে। ফলে এসব ফন্টে যুক্তবর্ণ ব্যবহারসহ বিভিন্ন ক্ষেত্রে অসুবিধা হচ্ছে। “এতে করে প্রমিতকরণের কাজটি অসম্পূর্ণই রয়ে গেছে।” বিজ্ঞপ্তিতে বলা হয়, ফন্ট তৈরিতে সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলা একাডেমী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক্স ডিজাইন বিভাগ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেনশন (এটুআই) প্রোগ্রামের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। চুক্তি অনুযায়ী, বাংলা একাডেমী ফন্ট তৈরি, প্রমিতকরণ, প্রচারণা ও বিতরণের কাজ করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রাফিক্স ডিজাইন বিভাগ কারিগরি সেবা দেবে এবং এটুআই প্রোগ্রাম দেবে আর্থিক সহায়তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এসইউ/১৭০৫ ঘ.