ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বেসরকারি বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে দুই শতাংশ কোটা পাচ্ছেন সংসদ সদস্যরা। এ জন্য সংশ্লিষ্ট নীতিমালা সংশোধন করার সিদ্ধান্ত হয়েছে।
শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী এ তথ্য জানিয়েছেন।
রোববার সচিবালয়ে ‘নিম্ন মাধ্যমিক/মাধ্যমিক, মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক পর্যায়ের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিক্ষার্থী ভর্তিতে অনুসরণীয় নীতিমালা’ পর্যালোচনা সংক্রান্ত সভা হয়।
পরে সচিব সাংবাদিকদের বলেন, “শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা করে এ সংক্রান্ত নীতিমালা সংশোধন করে সোমবার তা জারি করা হবে।”
তবে সংসদ সদস্যরা তাদের জন্য নির্ধারিত কোটায় কোন শিক্ষার্থীদের ভর্তি করাতে পারবেন সে বিষয়ে কিছু জানাননি তিনি।
নাসের চৌধুরী জানান, প্রবাসীদের সন্তানদের জন্য দুই শতাংশ, শিক্ষা বোর্ড এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মকর্তাদের সন্তানদের জন্য এক শতাংশ কোটা রাখার বিষয়ে সভায় আলোচনা হয়েছে।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য পাঁচ শতাংশ এবং শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের ভর্তির ক্ষেত্রে শুধু ঢাকা মেট্রোপলিটন এলাকার ন্যূনতম যোগ্যতা থাকা সাপেক্ষে দুই শতাংশ কোটা রয়েছে।
এবারো লটারিতে ভর্তি
বেসরকারি বিদ্যালয়ে এবারো প্রথম শ্রেণিতে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে জানিয়ে শিক্ষাসচিব বলেন, অন্য শ্রেণিতে ভর্তি পরীক্ষা হবে। তবে নবম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি হবে জেএসসির ফলের ভিত্তিতে।
বাড়ছে ভর্তি ফরমের দাম
শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের দাবির প্রেক্ষিতে এবার বেসরকারি বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির ফরমের দাম কিছুটা থেকে বাড়ানো হচ্ছে।
এ বিষয়ে শিক্ষা সচিব বলেন, “দেড়শ থেকে দুইশ টাকার মধ্যে ভর্তি ফরমের দাম নির্ধারণ করা হবে। তবে আংশিক এমপিওভুক্ত এবং ঢাকার বাইরের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য ভর্তি ফরমের দাম বাড়ানো হবে না।”
গত বছর ভর্তি ফরমের দাম নেয়া হয়েছিল একশ টাকা।
এবারো বাংলা মাধ্যমের বিদ্যালয়ে ভর্তি ফি আট হাজার এবং ইংরেজি মাধ্যমের বিদ্যালয়গুলোতে ১০ হাজার টাকা ফি নির্ধারণ করা হবে বলে জানান তিনি।
এদিকে কয়েক দফা নোটিসের পরও শিক্ষার্থী ভর্তিতে অতিরিক্ত টাকা ফেরত না দেয়ায় রাজধানীর তিনটি শিক্ষা প্রতিষ্ঠানকে আরো ১৫ দিন সময় দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
এর পরও টাকা ফেরত না দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান কামাল আবদুল নাসের।
রোববারের সভায় ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, আইডিয়াল স্কুল ও মণিপুর স্কুলের অধ্যক্ষ উপস্থিত ছিলেন। এ তিনটি স্কুল এখনো শিক্ষার্থী ভর্তিতে নেয়া অতিরিক্ত অর্থ ফেরত দেয়নি।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গত শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির সময় নেয়া অতিরিক্ত অর্থ ফেরত অথবা বেতনের সঙ্গে সমন্বয় করতে গত ৩০ জানুয়ারি নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের নির্দেশের পরেও এই অর্থ ফেরত না দিলে গত ২ জুলাই সংসদে শিক্ষামন্ত্রী জানান, শিক্ষার্থী ভর্তির সময় নেওয়া অতিরিক্ত অর্থ আগামী এক মাসের মধ্যে ফেরত না দিলে শিক্ষা প্রতিষ্ঠানের নিবন্ধন বাতিল করা হবে।
গত ৪ জুলাই এ সংক্রান্ত কমিটি তাদের প্রতিবেদনে জানায়, ভর্তি ফি বাবদ মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ তিন হাজার ৫৪ জন ছাত্রছাত্রীর কাছ থেকে পাঁচ কোটি ২৩ লক্ষ ৭৬ হাজার একশ টাকা, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ দুই হাজার ৬৬৭ জন শিক্ষার্থীর কাছ থেকে তিন কোটি ৩৯ লক্ষ ৩৪ হাজার ৯০০ টাকা এবং ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ এক হাজার ৬২৭ ছাত্রীর কাছ থেকে ৬৮ লাখ ১৭ হাজার একশ টাকা অতিরিক্ত ফি আদায় করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএল/১৬৫৮ ঘ.
bdnews24