ঢাকা, নভেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- থিয়েটার আর্টের দুই দশক পূর্তিতে রাজধানীতে শুরু হচ্ছে ১১ দিনের আন্তর্জাতিক নাট্য উৎসব। আগামী ১৪ নভেম্বর শুরু হয়ে এ উৎসব চলবে ২৪ নভেম্বর পর্যন্ত।
রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে নাট্য উৎসবের আয়োজন নিয়ে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন উৎসবের আহবায়ক রোকেয়া রফিক বেবী।
তিনি জানান, উৎসবে ভারতের চারটি, নেপালের একটি এবং বাংলাদেশের ১৩ টি নাট্যদল অংশ নেবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় প্রতিদিন সন্ধ্যা সাড়ে ৬টায় দু’টি করে নাটক মঞ্চস্থ হবে। এছাড়াও নাট্যশালার বহিরাঙ্গনে বিকেল চারটা থেকে বাংলাদেশের ঐতিহ্যসমৃদ্ধ নানান সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, উৎসবের উদ্বোধনী দিন নাট্যকার সৈয়দ শামসুল হক এবং পশ্চিমবঙ্গের নাট্য নির্দেশক বিভাস চক্রবর্তীকে সম্মাননা দেয়া হবে।
উৎসবের ষষ্ঠ দিন ‘এস এম সোলায়মান প্রণোদনা ২০১২’ দেওয়া হবে পাবনার চাটমোহরের নাট্যদল সমন্বয় থিয়েটারকে।
উৎসবে সহযোগিতা করছে ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র, ঢাকা, জনতা ব্যাংক, লিমরা গ্রুপ ও বেঙ্গল রোমানিয়া।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এসইউ/১৪৩৩ ঘ.
bdnews24