রাঙামাটি, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) বলেছেন, চার বছর অতিবাহিত হলেও পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে কোনো সদিচ্ছার মনোভাব দেখাতে পারেনি মহাজোট সরকার।
শনিবার রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা সাবেক সাংসদ মানবেন্দ্র নারায়ন লারমার (এমএন লারমা) ২৯ তম মৃত্যু বার্ষিকীর স্মরণসভায় এ অভিযোগ করেন তিনি।
জনসংহতি সমিতির সভাপতি সন্তু লারমা বলেন, “আওয়ামীলীগ নেতৃত্বাধীন মহাজোট সরকার পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের নামে মিথ্যার ফুলঝুড়ি আর প্রতারণামূলক, মিথ্যা আশ্বাস দিয়ে চার বছর অতিবাহিত করেছে।”
১৯৯৮ সালে শেখ হাসিনার সরকারের সঙ্গে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করে অস্ত্র ছেড়ে স্বাভাবিক জীবনে ফেরে পাহাড়িরা। গঠিত হয় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ, যার চেয়ারম্যান হন সন্তু লারমা।
পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ার পেছনে সরকারের বিশেষ মহলের ‘ষড়ন্ত্রের হাত’ রয়েছে অভিযোগ করে সন্তু লারমা আরও বলেন, চার ‘কুচক্রী’ গিরি-প্রকাশ-দেবেন-প্রকাশের মতো বিভেদপন্থীরা মানবেন্দ্র নারায়ন লারমাকে হত্যা করে জুম্ম জাতির অপূরণীয় ক্ষতি করেছিল। ঠিক একইভাবে ওই চার কুচক্রীর উত্তরসূরী দীপংকর তালুকদার, বীর বাহাদুর, রূপায়ন দেওয়ান ও প্রসিত খীসা পার্বত্য শান্তি চুক্তির বাস্তবায়ন প্রক্রিয়া ব্যাহত করতে নানা যড়ষন্ত্র চালিয়ে যাচ্ছে।
তিনি পার্বত্য শান্তি চুক্তি বিরোধী ‘যড়যন্ত্রকারীদের’ প্রতিহত করারও আহ্বান জানান।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির জেলা শাখার উদ্যোগে আয়োজিত এ স্মরণসভায় সংগঠনের জেলা শাখার সভাপতি গুনেন্দু বিকাশ চাকমা সভাপতিত্ব করেন।
এতে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মানিক লাল দেওয়ান।
বিশেষ বক্তা ছিলেন পার্বত্য চট্টগ্রাম জন সংহতি সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি উষাতন তালুকদার, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য মাধবী লতা চাকমা, বাংলাদেশ আদিবাসী ফোরামের পার্বত্যাঞ্চল শাখার আহ্বায়ক প্রকৃতি রঞ্জন চাকমা, এমএন লারমা মোমোরিয়্যাল ফাউন্ডেশনের আহ্বায়ক বিজয় কেতন চাকমা।
আরো বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সাধারণ সম্পাদক সুপ্রভা চাকমা, পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির জেলা শাখার সভাপতি সুনির্মল দেওয়ান, পিসিপির কেন্দ্রীয় সহ-সভাপতি ধীরাজ চাকমা।
শোক প্রস্তাব পাঠ করেন জনসংহতি সমিতির নেতা আনন্দ জ্যোতি চাকমা।
এর আগে সকালের দিকে শহরে একটি শোক র্যালি বের করা হয়।
পরে শিল্পকলা একাডেমী কার্যালয় চত্বরে স্থাপিত অস্থায়ী শহীদ বেদীতে ফুল দিয়ে এমএন লারমার প্রতি শ্রদ্ধা জানান সন্তু লারমাসহ অন্যান্য অতিথি ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২৩৫৪ ঘ.
bdnews24