ইসলামী বিশ্ববিদ্যালয়, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঈদ-উল-আযহা ও পূজার ছুটির পর শনিবার ইসলামী বিশ্ববিদ্যালয় খুললেও কোনো ক্লাশ বা পরীক্ষায় অংশ নেননি শিক্ষকরা।
একইদিন বেলা ১১টার দিকে এক জরুরি বৈঠকে উপাচার্য, উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষের পদত্যাগ দাবিতে সব ধরনের শিক্ষা কার্যক্রম বর্জনের সিদ্ধান্ত নেয় ইবি শিক্ষক সমিতি।
বৈঠক শেষে সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আ. ছ. ম. তরিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই শিক্ষকরা পদত্যাগ না করা পর্যন্ত সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম (ক্লাস-পরীক্ষা, ভর্তি পরীক্ষা, সান্ধ্যকালীন কার্যক্রম, মাদ্রাসার ফাজিল-কামিল পরীক্ষা, যে কোনো ধরনের নিয়োগ ও তদন্ত) বর্জন করার সিদ্ধান্ত হয়েছে।
শিক্ষকদের এই ঘোষণার ফলে অনিশ্চিতার মধ্যে পড়েছে আসন্ন ২০১২-১৩ সালের ¯œাতক শ্রেণির ভর্তি ভর্তি কর্যক্রম। আগামী ১৭ নভেম্ব¦র ওই পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে।
ইবির প্রগতিশীল শিক্ষক সংগঠন ‘বঙ্গবন্ধু পরিষদ’র সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রুহুল কে এম সালেহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিয়োগ বাণিজ্যের সঙ্গে জড়িত দুর্নীতিবাজ প্রশাসনের পদত্যাগ দাবি করছি। নতুন প্রশাসনের মাধ্যমে অবিলম্বে ক্লাস-পরীক্ষা চালু হোক। এটা আমরা চাই।”
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. আলাউদ্দিন বলেন, ক্লাস-পরীক্ষা চালুসহ ক্যাম্পাসে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে সব ধরনের পদক্ষেপ অব্যহত রয়েছে।
এদিকে ক্লাস-পরীক্ষার দাবিতে সকালে বিক্ষোভ মিছিল করেছে জাসদ সমর্থিত ছাত্রলীগ ও ছাত্র মৈত্রী।
বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শাখায় নিয়োগ নিয়ে দ্বন্দ্বের জেরে গত দু’মাস ধরে বিশ্ববিদ্যালয়ে ক্লাশ-পরীক্ষাসহ শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএ/ডিডি/২১০৫ ঘ.
bdnews24